× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজ জাবি শিক্ষার্থী, চিঠির অভিযোগ তদন্তে কমিটি

জাবি প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৮:১২ পিএম

মো. মোহাইমিনুল ইসলাম।

মো. মোহাইমিনুল ইসলাম।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হয়েছেন। তার আবাসিক কক্ষ থেকে হাতে লেখা কয়েকটি চিঠি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি চিঠিতে উত্থাপিত অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় মোহাইমিনুলের নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারেন তার সহপাঠীরা। পরে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ‘এ’ ব্লকের ১১০ নম্বর কক্ষে গিয়ে তারা হাতে লেখা কয়েকটি চিঠি পান।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার বিকাল ৩টা ৮ মিনিটে মোহাইমিনুলকে হলের সামনে থেকে ঢাকাগামী বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে উঠতে দেখা যায়। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার অবস্থান সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। মোহাইমিনুলের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি এলাকায়।

মোহাইমিনুলের সহপাঠী মিম আক্তার জানান, সন্ধ্যা ছয়টার দিকে আমরা বিষয়টি জানতে পারি, মোহাইমিনুলকে পাওয়া যাচ্ছে না। পরে তার কক্ষে গিয়ে হাতে লেখা কয়েকটি চিঠি পাই। এরপর থেকে আমরা বিভিন্ন স্থানে তাকে খুঁজছি।

তিনি আরও জানান, চতুর্থ বর্ষের একটি কোর্সে অকৃতকার্য হওয়ায় মোহাইমিনুলের চলতি বছর পুনঃপরীক্ষা (রিটেক) দেওয়ার কথা ছিল। পাশাপাশি তিনি প্রায় ছয় মাস ধরে স্নাতকোত্তরের ক্লাস করছিলেন। কয়েক দিন আগে তাকে চতুর্থ বর্ষের ওই কোর্সের পরীক্ষা আবার দিতে হবে বলে জানানো হয়। তবে বিষয়টি তার ওপর কী প্রভাব ফেলেছিল, তা নিশ্চিত করে বলতে পারেননি মিম।

সহপাঠীরা জানান, কক্ষে পাওয়া চিঠিগুলোতে বিশ্ববিদ্যালয়জীবন, শিক্ষক ও পারিবারিক বিষয় নিয়ে হতাশার কথা উল্লেখ রয়েছে। চিঠিতে বিভাগের শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগও তোলা হয়েছে বলে তারা জানান। তবে এসব অভিযোগের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. হুসাইন মো. সায়েম বলেন, আমি তার ব্যাপারে খোঁজ নিয়েছি। তার সন্ধান পেতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে উদ্ধারের চেষ্টা করছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আব্দুল হালিম বলেন, বিষয়টি জানার পরপরই সাভার থানায় জিডি করা হয়েছে। পুলিশকে তার মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি চিঠিতে বিভাগের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তাকে খুঁজে বের করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, মোহাইমিনুলের নিখোঁজ হওয়ার পর তাকে খুঁজে পেতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। থানায় জিডি করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ রাখছি। আশা করছি, তাকে খুব দ্রুতই খুঁজে পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুব কবিরকে আহ্বায়ক এবং প্রক্টর কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সোহেল রানাকে সদস্যসচিব করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. হুসাইন মো. সায়েম এবং সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক মো. আল আমিন খান। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা