× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

চিহ্নিত হামলাকারীরা ৭ দিনেও গ্রেপ্তার হয়নি

প্রান্ত কুমার দাশ, রাবি

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ২২:৩২ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার সাত দিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার ভিডিও ফুটেজ, ছবি ও বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে হামলায় জড়িতরা চিহ্নিত হয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটিও কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। এরপরও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় পুলিশের তদন্তের গতি ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। 

এদিকে হামলার শিকার সাংবাদিকদের দাবি, হামলাকারীরা অনলাইন ও অফ লাইনে তাদের হুমকি দিচ্ছেন। এতে ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে। তবে পুলিশ বলছে, তদন্ত চলছে। দ্রুতই তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত ৪ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। 

হামলায় ভিডিও ফুটেজ, ছবি ও বিভিন্ন তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে জানা গেছে জড়িত ছাত্রদল নেতারা হলেনÑ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি ও আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এম আহসান হাবীব; ছাত্রদলকর্মী ও অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের (ড্রপআউট) শিক্ষার্থী বিশাল চক্রবর্তী (যিনি এর আগে শাখা ছাত্রলীগের সেক্রেটারি আসাদুল্লাহ হিল গালিবের সঙ্গে রাজনীতি করতেন); যুগ্ম সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের হাসিবুল ইসলাম; সহ-দপ্তর সম্পাদক ও সংগীত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শাহরিয়ার আলম অথী; সহ-সভাপতি ও নৃবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শরিফুল ইসলাম; সহ-সভাপতি ও আইবিএ ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তাকবীর আহমেদ ইমন এবং সহ-সাধারণ সম্পাদক ও ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সৈয়দ সাজহারুল ইসলাম, কর্মী ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের তানিম রহমান।

হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করেন। একই সঙ্গে জড়িতদের নাম উল্লেখ করে মামলা ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। 

ক্ষোভ প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সভাপতি মীর কাদির বলেন, ‘সন্ত্রাসীরা চিহ্নিত হলেও প্রশাসন তাদের গ্রেপ্তার করছে না। সরকারদলীয় ছাত্রসংগঠনের নেতাকর্মী হওয়ায় প্রশাসন তাদের ধরছে না। প্রশাসন স্পষ্টভাবে সন্ত্রাসীদের পক্ষ নিচ্ছে। 

রাবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুবায়ের জিসান বলেন, ‘সাংবাদিকদের মারধরের ঘটনা সাত দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এটা পুলিশের বড় ব্যর্থতা। 

এ বিষয়ে মতিহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শামছুল আলম বলেন, ‘ওই ঘটনাটার এখনও তদন্ত চলছে। বিষয়টি কাজলা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা মোস্তাক দেখছেন।’

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কাজলা পুলিশ ফাঁড়ির কর্মকর্তা মোস্তাক বলেন, ‘আমাদের তদন্ত এখনও চলছে। ভিক্টিমদের মেডিকেল সনদের জন্য আবেদন করা হয়েছে। 

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, ‘ঘটনাটি পুলিশ তদন্ত করছে। তবে আমাদের সিন্ডিকেটের বিষয়টির ডেট ঠিক করেছি। যদিও বন্ধের পরে ডাকব ভেবেছিলাম। তবে আগেই ডেকেছি, যাতে যতদ্রুত সম্ভব এটা সুরাহা হয়। আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিয়ে প্রক্টরের সঙ্গে কথা বলেছি।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা