× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাইমস হায়ার র‍্যাংঙ্কিং

বিশ্বের সেরা ১ হাজারে দেশের ৪ বিশ্ববিদ্যালয়, নেই ঢাবি-বুয়েট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ২২:১৮ পিএম

ঢাবি ও বুয়েটের লোগো। ফাইল ছবি

ঢাবি ও বুয়েটের লোগো। ফাইল ছবি

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংঙ্কিং-২০২৭’-এ বিশ্বের ৮০১-১০০০তম অবস্থানের বন্ধনীতে স্থান পেয়েছে বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। তবে এ তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থান হয়নি। গত বুধবার টিএইচইর ওয়েবসাইটে এ র‍্যাংঙ্কিং প্রকাশ করা হয়।

গত বছর ৮০১-১০০০ বন্ধনীতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় এবার নেমে গেছে ১০০১-১২০০ বন্ধনীতে। একই বন্ধনীতে রয়েছে বুয়েটও। তবে গবেষণার পরিধি, আয় ও সুনাম এবং শিল্প খাতে উদ্ভাবনের প্রভাবÑ এই দুই সূচকে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ স্কোর করেছে বুয়েট।

শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্প খাতে প্রভাব এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিÑ এই পাঁচটি মূল সূচকের ভিত্তিতে এলসেভিয়ারের সহযোগিতায় র‍্যাংঙ্কিংটি প্রকাশ করেছে টিএইচই। এবারের তালিকায় বিশ্বের ১১৮টি দেশ ও অঞ্চলের ২ হাজার ২৯৭টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে। বাংলাদেশের মোট ৩৫টি প্রতিষ্ঠানও তালিকায় রয়েছে। এর মধ্যে ২৫টি সরাসরি র‍্যাংঙ্কিং পেয়েছে, আর ১০টি ‘রিপোর্টার’ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।

বিশ্ব র‍্যাংঙ্কিংয়ে ১২০১-১৪০০ বন্ধনীতে থাকা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি শিক্ষার মানসম্মত পরিবেশ সূচকে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ স্কোর করেছে। অন্যদিকে গবেষণার মান ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিÑ এই দুই সূচকে দেশের মধ্যে সর্বোচ্চ স্কোর করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

বিশ্ব র‍্যাংঙ্কিংয়ে টানা ১১তম বছরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। এরপর যথাক্রমে রয়েছে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।

সামগ্রিক র‍্যাংঙ্কিংয়ে ১৮৫তম স্থানে থাকা চীনের বেইহাং ইউনিভার্সিটি শিল্প খাতে প্রভাব সূচকে যৌথভাবে বিশ্বসেরা হয়েছে। আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে শীর্ষস্থান অর্জন করেছে সংযুক্ত আরব আমিরাতের গালফ মেডিকেল ইউনিভার্সিটি। এ ছাড়া চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় সুইজারল্যান্ডের ইটিএইচ জুরিখকে পেছনে ফেলে ১১তম স্থানে উঠে এসেছে। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর শীর্ষ ১৫-তে জায়গা করে নেওয়ায় এবারই প্রথম এশিয়ার তিনটি বিশ্ববিদ্যালয় এ তালিকার শীর্ষ ১৫-তে রয়েছে। সামগ্রিকভাবে এবারই প্রথম মহাদেশীয় ইউরোপকে পেছনে ফেলেছে এশিয়া। র‍্যাংঙ্কিংয়ের সর্বনিম্ন ২০০১+ বন্ধনীতে রয়েছে আলজেরিয়ার জিয়ানে আচুর ইউনিভার্সিটি অব জেলাফাসহ ইউক্রেন, রাশিয়া, আলজেরিয়া, আর্মেনিয়া, তুরস্ক ও ভারতের ১০টি বিশ্ববিদ্যালয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা