× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসর শেষ, পুরস্কৃত ২৬১ বিজয়ী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৮:৫০ পিএম

নর্থ সাউথ ইউনিভার্সিটিত প্রাঙ্গণে রবিবার আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নর্থ সাউথ ইউনিভার্সিটিত প্রাঙ্গণে রবিবার আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) বেকম্যানস চতুর্থ আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

দেশের ৫৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়স ও ভাষাভিত্তিক বিভাগে ২৬১ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রবিবার আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে ৯ অক্টোবর প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

এনএসইউর ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ (ডিইএমএল) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং এবং আকিজ বেকার্স লিমিটেডের নির্বাহী পরিচালক (মার্কেটিং) মো. শফিকুল ইসলাম তুষার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

অনুষ্ঠানে ডিইএমএলের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. নাজিয়া মনজুর বলেন, ভাষা লিগে শিক্ষার্থীদের উৎসাহ ও অংশগ্রহণ প্রশংসনীয়। আয়োজনটি সফল করতে সংশ্লিষ্ট সবার নিষ্ঠা ও কঠোর পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের একত্র করার মাধ্যমে এ আয়োজন বাংলাদেশের ভাষাগত বৈচিত্র্য উদ্‌যাপনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

প্রধান অতিথি ববি হাজ্জাজ বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের এ উদ্যোগ অসাধারণ। ভাষার মাধ্যমে শিক্ষার্থীদের একত্র করার পাশাপাশি এটি তরুণদের ভাষাগত দক্ষতা বিকাশ ও তা তুলে ধরার মূল্যবান সুযোগ তৈরি করেছে।

লি শাওফেং বলেন, ভাষা সভ্যতাকে যুক্ত করে এবং মানুষকে পরস্পরের কাছাকাছি আনে। এ ধরনের বহুভাষিক প্রতিযোগিতা বিভিন্ন ভাষা ও সংস্কৃতির সমৃদ্ধি উদ্‌যাপনের পাশাপাশি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দৃষ্টিভঙ্গিকে উৎসাহিত করে। বর্তমান বিশ্বে বিদেশি ভাষা শেখা তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ দক্ষতা।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ বিজয়ীদের উদ্দেশে বলেন, পুরস্কার অর্জনের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি তাঁদের দায়িত্ব রয়েছে। নিজেদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।

আয়োজকেরা জানান, এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার ৫৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার, কর্মশালা ও বাছাইপর্বের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। প্রাথমিক পর্যায়ের পর কয়েক হাজার প্রতিযোগী বিভাগীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পায়। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও ময়মনসিংহের পাশাপাশি খুলনা বিভাগের যশোর ও নড়াইল, রাজশাহী বিভাগের বগুড়া এবং রংপুর বিভাগের পঞ্চগড়ে প্রতিযোগিতার বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়। সেখান থেকে চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের নির্বাচন করা হয়।

অংশগ্রহণকারীদের বয়স ও শিক্ষার স্তর বিবেচনায় প্রতিযোগিতাটি সাতটি বিভাগে সাজানো হয়েছিল। ছোটদের জন্য ছিল বানান প্রতিযোগিতা (স্পেলিং বি) ও সুন্দর হাতের লেখা। জুনিয়র ও মাধ্যমিক পর্যায়ে ছিল ব্যাকরণ, দেয়ালপত্রিকা ও বিতর্ক প্রতিযোগিতা। উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয় তাৎক্ষণিক বক্তৃতা, ছোটগল্প লেখা ও বিতর্ক প্রতিযোগিতায়।

আয়োজকদের মতে, ভাষা লিগ শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা প্রদর্শনের পাশাপাশি আত্মপ্রকাশ, যোগাযোগ এবং ভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ তৈরি করছে। দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের এক মঞ্চে এনে বহুভাষিক শিক্ষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য চর্চায় ভূমিকা রাখছে এ আয়োজন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা