× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ

বাণিজ্যমন্ত্রীর আশ্বাসে রবিবার থেকে ক্লাসে ফিরছেন শিক্ষার্থীরা

সিলেট প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ২১:১৫ পিএম

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। ছবি: সংগৃহীত

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। ছবি: সংগৃহীত

টানা ১৩ দিন ধরে চলা আন্দোলনের পর রবিবার থেকে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে নিজেদের দাবি পূরণের আশ্বাস পেয়ে এই সিদ্ধান্ত নেন তারা।

এর আগে গত শুক্রবার রাতে সিলেট সার্কিট হাউসের সম্মেলনকক্ষে মন্ত্রীর সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের মতবিনিময়সভা হয়। সেখানে শিক্ষার্থীদের দাবিগুলো শুনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। এর পরই আন্দোলন প্রত্যাহার করে আজ থেকে ক্লাসে ফেরার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছেÑ কলেজটিকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে নেওয়া, পূর্ণাঙ্গ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, শিক্ষক সংকট নিরসন এবং খেলার মাঠ নির্মাণ।

মতবিনিময়সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব এবং শিক্ষার্থীদের ন্যায্য চাহিদার প্রতি সব সময় সংবেদনশীল। তিনি বলেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজটিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে স্থানান্তরের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে আলোচনা করা হবে। পাশাপাশি আগামী আনুমানিক আট মাসের মধ্যে প্রতিষ্ঠানটিকে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। 

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমান চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষ হওয়ার আগেই এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি আনার চেষ্টা করা হবে। শিক্ষক সংকটসহ অন্য সমস্যা সমাধানের আশ্বাসও দেন তিনি।

এ ছাড়া সভায় উপস্থিত সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী কলেজে একটি খেলার মাঠ নির্মাণের ঘোষণা দেন। মন্ত্রীর এই সুনির্দিষ্ট আশ্বাসে সন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।

প্রসঙ্গত, কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে গত ২৭ সেপ্টেম্বর থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনের শুরুতে কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিলে অধ্যক্ষসহ ১৪ শিক্ষক দুই দিন আটকা পড়েন। এর পর থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছিলেন তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা