চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ২১:০৭ পিএম
চবিতে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্গন’-এর তিন যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত হবে আগামী রবিবার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্গন’-এর তিন যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত হবে আগামী রবিবার। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে দিনব্যাপী সংগীত, নৃত্য, আবৃত্তি, নাট্য পরিবেশনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, রবিবার দুপুর ২টায় উৎসবের উদ্বোধন হবে। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে আলোচনা পর্ব। বেলা ৩টা ৩০ মিনিটে অঙ্গনের সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন। বিকাল ৫টায় সংগঠনটির নাট্য বিভাগের প্রযোজনায় মঞ্চস্থ হবে অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিনের নাটক ‘শয়তানের কারখানা’। সবশেষে সন্ধ্যা ৬টায় অঙ্গনের জ্যেষ্ঠ সদস্যদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভাস্কর রঞ্জন সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অঙ্গনের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন।