× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুআর ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, বাদ পড়েনি মৃতরাও

আমানউল্লাহ বিশ্বাস, খুবি প্রতিনিধি

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৮:০৫ পিএম

কুআর ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, বাদ পড়েনি মৃতরাও

খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কুআ) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ ও সদস্যপদ নবায়ন প্রক্রিয়ায় নানা অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত অনলাইন পেমেন্ট ব্যবস্থার বাইরে গিয়ে শেষ মুহূর্তে অফলাইন ও ‘বাল্ক পেমেন্টের’ মাধ্যমে সদস্যদের চাঁদা হালনাগাদ, নিবন্ধন না করেও কয়েকজনের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং মৃত ব্যক্তিদের নাম তালিকায় থাকার অভিযোগ পাওয়া গেছে।

এসব অভিযোগ তুলে কুআর প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন করা হয়। আবেদনে ভোটার তালিকা চূড়ান্ত করার আগে তা যথাযথভাবে যাচাই-বাছাইয়ের দাবি জানানো হয়েছে।

কুআর ফেসবুক গ্রুপে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যে জানা গেছে, কয়েকজন সদস্য নিবন্ধন বা ভোটার ফি প্রদান না করেও ভোটার তালিকায় নিজেদের নাম দেখতে পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম খান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, কুআর ওয়েবসাইটে তার নাম ও সদস্যপদের তথ্য দেখতে পেয়েছেন তিনি। সেখানে তার বিশ্ববিদ্যালয় আইডি ৯৫০৫২৭-এর বিপরীতে GM000356 নম্বরে একটি জেনারেল মেম্বারশিপ দেখানো হচ্ছে। সেখানে তার নাম প্রদর্শিত হচ্ছে ‘Md Saiful Islam Khan (Zoha)’ হিসেবে।

তিনি আরও বলেন, ‘আমি এই অ্যাকাউন্ট তৈরি করিনি, এর জন্য আবেদনও করিনি এবং অন্য কাউকেও আমার পক্ষে এটি তৈরি করার অনুমতি দিইনি। অ্যাকাউন্টটির পাসওয়ার্ডও আমার জানা নেই। ফলে আমি এতে প্রবেশ করতে পারি না।’

এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের ১৬ ব্যাচের শিক্ষার্থী রুহুল আমিন রিয়াদ একই ধরনের অভিযোগ করেছেন। নিজের প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘কুআর ভোটার তালিকায় আমার নাম দেখে আমি ক্ষুব্ধ ও বিস্মিত। আমি কোনো ভোটার ফি প্রদান করিনি এবং রিইউনিয়নেও অংশগ্রহণ করিনি। এরপরও কীভাবে আমার নাম কুআতে অন্তর্ভুক্ত হলো, নির্বাচন কমিশনকে এর স্পষ্ট জবাব দিতে হবে।’

একই ধরনের অভিযোগ করেছেন মো. সাইফ খান। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি তার কাছে স্পষ্ট নয় বলে জানান তিনি।

ভোটার তালিকায় মৃত ব্যক্তিদের নাম থাকার অভিযোগও উঠেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এফএমআরটি ডিসিপ্লিনের ৯৭ ব্যাচের শিক্ষার্থী মানস কুমার সাহা (সাগর) গত ২৩ মার্চ ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে তার নাম কুআর ভোটার তালিকায় রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। 

একই ডিসিপ্লিনের ১২ ব্যাচের সাবেক শিক্ষার্থী সাবিনা আক্তার শ্বাসকষ্টজনিত কারণে চুয়াডাঙ্গার একটি হাসপাতালে মারা গেলেও তাঁর নাম ভোটার তালিকায় থাকার অভিযোগ পাওয়া গেছে।

এ ছাড়া সিএসসি ডিসিপ্লিনের ১৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী শ্রী প্রীতম খা স্ট্রোকজনিত কারণে মারা গেলেও তার নাম তালিকায় রয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে কুআ সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মামুন বলেন, আগামী ৩০ অক্টোবর কুআর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে গত ৩০ সেপ্টেম্বর অনলাইনে সদস্যপদ নিবন্ধন ও বার্ষিক চাঁদা হালনাগাদের সময়সীমা শেষ হয়েছে।

তিনি বলেন, কুআর গঠনতন্ত্র অনুযায়ী ভোটার হতে হলে আজীবন সদস্য অথবা বার্ষিক ৫০০ টাকা চাঁদা পরিশোধকারী সদস্য হতে হয়। তাই সদস্যপদ ও ভোটার তালিকা প্রণয়নে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি প্রত্যেক সদস্যের তথ্য যথাযথভাবে যাচাই করা জরুরি।

তিনি আরও বলেন, ভোটার তালিকা চূড়ান্ত করার আগে সদস্যদের পরিচয়, স্নাতক সম্পন্নের তথ্য, মোবাইল নম্বর ও ই-মেইলসহ সংশ্লিষ্ট তথ্য যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে একাধিক বা ডুপ্লিকেট নিবন্ধন শনাক্ত এবং মৃত ব্যক্তিদের নাম বাদ দিতে কেন্দ্রীয় ডেটাবেজের মাধ্যমে তথ্য যাচাই করা উচিত। এসব পদক্ষেপের মাধ্যমে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলে নির্বাচন প্রক্রিয়ার প্রতি সদস্যদের আস্থা বাড়বে।

এ বিষয়ে কুআর নির্বাচন কমিশনার এ টি এম মাসুদ রেজা বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী আমাদের ক্ষমতা শুধুমাত্র ভোটারের তথ্য হালনাগাদ করা, সদস্য অন্তর্ভুক্তিকরণ নয়। তারপরও দায়িত্বের জায়গা থেকে যতটুকু করা যায়, আমরা করেছি। প্রথম দফায় ১৩৭ জন এবং দ্বিতীয় দফায় ৯৪ জনকে বাতিল করা হয়েছে। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক।’

কুআর গঠনতন্ত্রের কিছু জায়গায় সংশোধনের প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংশোধন আনা হলে ভোটার তালিকা যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া আরও স্বচ্ছ করা সম্ভব হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা