× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাবিপ্রবির বাসের অবস্থান জানা যাবে এক ক্লিকেই

সারোয়ার আলম রিজন, হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৭:০৫ পিএম

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬ ১৭:১০ পিএম

হাবিপ্রবির বাসের অবস্থান জানা যাবে এক ক্লিকেই

তীব্র রোদ কিংবা ঝুম বৃষ্টিতে বাসস্টপে দাঁড়িয়ে অপেক্ষা, বারবার ঘড়ির দিকে তাকানো আর মনে একটাই প্রশ্ন—‘বাস কি ছেড়ে গেছে, নাকি এখনো আসেনি?’ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের কাছে এটি নিত্যদিনের পরিচিত দৃশ্য। তবে এবার সেই ভোগান্তি কমানোর সুযোগ তৈরি হয়েছে প্রযুক্তির ছোঁয়ায়। ‘HSTU বাস কই’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এক ক্লিকেই জানা যাবে বাসের বর্তমান অবস্থান ও গতিপথ।

ক্যাম্পাসের পরিবহন সেবাকে আধুনিক ও প্রযুক্তিবান্ধব করতে ‘HSTU বাস কই’ নামে একটি বাস ট্র্যাকিং অ্যাপ ও ওয়েবসাইট তৈরি করেছেন হাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২৩ ব্যাচের চার শিক্ষার্থী। তারা হলেন—মাহমুদুল হাসান এবিন, আহনাফ আদিল সৌমিক, মহিউদ্দিন মেহেদী ও ইনান আহমেদ। সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লা আল মামুন এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক হাসানুল করিম রনির যৌথ তত্ত্বাবধানে প্রায় এক বছরের প্রচেষ্টায় প্রকল্পটি তৈরি করেছেন তারা।

শিক্ষার্থীদের তৈরি এই সিস্টেমে যুক্ত করা হয়েছে বেশ কিছু আধুনিক সুবিধা। এর মাধ্যমে প্রতি ৩ থেকে ৫ সেকেন্ড পরপর বাসের বর্তমান অবস্থান ও গতি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে। এক ক্লিকেই জানা যাবে, কোনো নির্দিষ্ট স্টপেজে বাস কখন পৌঁছাবে, এক স্টপেজ থেকে অন্য স্টপেজে যেতে কত সময় লাগবে এবং পরবর্তী বাস কখন ছাড়বে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে বাসের যাত্রীসংখ্যা ও ভেতরের ভিড় সম্পর্কেও আগাম ধারণা পাওয়া যাবে। কোনো বাস যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে, নাকি সচল আছে, সেই তথ্যও দেখা যাবে অ্যাপটিতে।

প্রকল্পটির উদ্যোগ নেওয়ার বিষয়ে শিক্ষার্থী আহনাফ আদিল সৌমিক জানান, গত বছরের নভেম্বরে অন্য একটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন ট্র্যাকিং ব্যবস্থা দেখে নিজেদের ক্যাম্পাসের জন্যও এমন প্রযুক্তি তৈরির অনুপ্রেরণা পান তারা। পরে চারজন মিলে কাজ শুরু করেন। শিক্ষকদের সার্বিক দিকনির্দেশনায় নিজেদের তৈরি ট্র্যাকিং ডিভাইস, অ্যাপ ও ওয়েবসাইট নিয়ে প্রায় এক বছর কাজ করেছেন তারা। সম্প্রতি ক্যাম্পাসের চলন্ত বাসে পরীক্ষামূলক কার্যক্রম চালিয়ে সিস্টেমটি নির্ভুলভাবে কাজ করছে বলে জানান তিনি।

উদ্ভাবক শিক্ষার্থীদের প্রত্যাশা, এই উদ্ভাবন যেন কেবল ল্যাবের কোনো প্রজেক্ট ফাইল হয়ে পড়ে না থাকে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে ‘HSTU বাস কই’ অ্যাপ ও ওয়েবসাইটটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার কাছে হস্তান্তর করতে প্রস্তুত তারা। এটি কার্যকরভাবে চালু করা গেলে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে, কমবে বাসের জন্য অপেক্ষা ও সময়ের অপচয়। একই সঙ্গে হাবিপ্রবির পরিবহন ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর সেবা চালুর ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা