রাজশাহী বিশ্ববিদ্যালয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মী ও একটি হল সংসদের জিএসের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ ছাড়া চারজনের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও প্রমাণ অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেওয়া এবং তিনজনকে সতর্ক করার সিদ্ধান্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে শুক্রবার দুপুরে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এসব সিদ্ধান্তের কথা জানান উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।

সাময়িকভাবে ছাত্রত্ব বাতিল হওয়া চারজন হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, ছাত্রদল কর্মী বিশাল চক্রবর্তী এবং শহিদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলাম।
অধিকতর তদন্তের আওতায় থাকা চারজন হলেন রাকসুর সহ-সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, ছাত্রদল কর্মী সৈয়দ সাজহারুল ইসলাম ও তানিম রহমান। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি বুলবুল রহমান, শরীফুল ইসলাম ও সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলমকে সতর্ক করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, “তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অপরাধের ধরন ও মাত্রা বিবেচনায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত হয়েছে। এই তিনটি সিদ্ধান্ত আমরা পরবর্তী সিন্ডিকেটে নিয়ে যথাযথ ব্যবস্থা নেব।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মীর কাদির বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে, আগামী দুই-এক দিনের মধ্যে সিন্ডিকেটে এটি পাস করে স্থায়ীভাবে ব্যবস্থা নিতে অধিকতর তদন্ত কমিটি গঠন করতে হবে। এরপর সাময়িকভাবে বহিষ্কৃতদের স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে এবং যাদের ছাত্রত্ব নেই, তাদের সনদ বাতিল করতে হবে।”
এর আগে, রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহিদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী হামলা করেন।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কমিটির সর্বসম্মতিতে তৈরি লিখিত প্রতিবেদন বৃহস্পতিবার দিবাগত রাতে কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়। ওই প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতেই শুক্রবার এসব সিদ্ধান্ত জানানো হয়।