ইবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ২০:২৮ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চার শিক্ষক ও এক শিক্ষার্থী স্থান পেয়েছেন। আন্তর্জাতিক গবেষণায় প্রভাব, প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্সসহ বিভিন্ন গবেষণা-সূচকের ভিত্তিতে প্রকাশিত তালিকায় তাদের নাম পাওয়া যায়।
তালিকায় স্থান পাওয়া শিক্ষকরা হলেন—ইবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন ভূঁইয়া এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী মো. শাহীন আলী তালিকায় স্থান পেয়েছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের আইওয়া সিটির আইওয়া বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছেন।
এ ছাড়া গবেষণা তালিকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরও দুইজন শিক্ষকের নাম পাওয়া যায়। তারা হলেন- বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম। তবে তাদের সাথে যোগাযোগ করে বিষয়টা নিশ্চিত হওয়া যায়নি।
সম্প্রতি গবেষকদের প্রকাশনা, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণায় লেখকের ভূমিকা, গবেষণার ধারাবাহিকতা এবং সহলেখকদের সঙ্গে যৌথ গবেষণার প্রভাবসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে প্রকাশিত একটি তালিকায় বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এতে বিশ্বের শীর্ষ এক লাখ গবেষকের পাশাপাশি নিজ নিজ গবেষণা-শাখায় শীর্ষ ২ শতাংশের মধ্যে থাকা গবেষকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
তালিকায় স্থান পাওয়া গবেষকদের গবেষণার ক্ষেত্রও বিস্তৃত। অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন ভূঁইয়া প্রযুক্তি, জ্বালানি ও ফলিত পদার্থবিজ্ঞান নিয়ে গবেষণা করছেন। অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের গবেষণার সঙ্গে যুক্ত রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, চিত্র প্রক্রিয়াকরণ ও জীবতথ্যবিজ্ঞান। মো. শাহীন আলী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, চিত্র প্রক্রিয়াকরণ ও ক্যানসারবিজ্ঞান নিয়ে গবেষণা করছেন।
অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বলেন, জেনারেশন ইন্টারন্যাশনাল প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে পরিচিতি লাভ করছে, যা আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক বিষয়। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রতি আগ্রহ আরও বাড়বে এবং গবেষণার পরিধিও বিস্তৃত হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় যদি গবেষকদের প্রয়োজনীয় সহযোগিতা ও গবেষণা-সহায়তা প্রদান করে, তাহলে গবেষণার মান আরও উন্নত হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশনসহ বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের সুযোগ তৈরি হবে।
এবারের তালিকায় বাংলাদেশ থেকে মোট ৩৪৭ জন গবেষক স্থান পেয়েছেন। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ২৮৬ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে তালিকায় বাংলাদেশের গবেষকের সংখ্যা বেড়েছে ৬১ জন, যা ২১ দশমিক ৩ শতাংশ।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রকাশনা প্রতিষ্ঠান এলসেভিয়ারের গবেষণা ও তথ্য বিশ্লেষণের ভিত্তিতে প্রতিবছর বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকা প্রকাশ করা হয়। গবেষকদের গবেষণার প্রভাব ও সাইটেশন তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন গবেষণা-ক্ষেত্রে তাদের অবস্থান নির্ধারণ করা হয়।