বিশ্ববিদ্যালয়ের ভিসি কনফারেন্স রুমে ৪ অক্টোবর ২০২৬ ‘জিও-স্ট্র্যাটেজিক অ্যাসপেক্টস অব গ্লোবাল পলিটিকস’ শীর্ষক এ বক্তৃতায় বর্তমান বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সমসাময়িক বিশ্বরাজনীতি, বৈশ্বিক ক্ষমতার পরিবর্তন ও আন্তর্জাতিক ব্যবস্থার রূপান্তর নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) বিশেষ বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি কনফারেন্স রুমে ৪ অক্টোবর ২০২৬ ‘জিও-স্ট্র্যাটেজিক অ্যাসপেক্টস অব গ্লোবাল পলিটিকস’ শীর্ষক এ বক্তৃতায় বর্তমান বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা ছিলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট (২০০৪–২০১২), সাবেক প্রতিরক্ষামন্ত্রী (২০০৩–২০০৪) এবং ডেমোক্রেটিক পার্টির সাবেক নেতা বরিস তাদিচ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের (এসবিই) ডিন অধ্যাপক এ কে এম আতিকুর রহমান, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের (এসইপিএস) ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন এবং স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের (এসএইচএলএস) ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র উপস্থিত ছিলেন।
বক্তৃতার শুরুতে বরিস তাদিচ রাজনীতিতে সরাসরি যুক্ত না থেকেও কীভাবে প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়েছেন, সে অভিজ্ঞতা তুলে ধরেন। পরে সমসাময়িক বিশ্বরাজনীতিকে প্রভাবিত করা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। বিশেষ করে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন, বড় দেশগুলোর কৌশলগত স্বার্থ এবং পরিবর্তনশীল আন্তর্জাতিক ব্যবস্থার প্রভাব নিয়ে কথা বলেন।
ইউরোপীয় রাজনীতি ও আন্তর্জাতিক বিষয়ে নিজের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে ইউরোপের বর্তমান ভূরাজনৈতিক চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক ব্যবস্থার পরিবর্তনের নানা দিক তুলে ধরেন বরিস তাদিচ।
আলোচনায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্কও গুরুত্ব পায়। সার্বিয়া ও ইউরোপের ভূরাজনৈতিক পরিস্থিতি বুঝতে এসব শক্তিশালী দেশের কৌশলগত স্বার্থ ও পারস্পরিক সম্পর্ক বোঝার ওপর গুরুত্ব দেন তিনি। সার্বিয়ার পররাষ্ট্রনীতিতে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে এসব শক্তির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ নীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বরিস তাদিচ ইউরোপের নিরাপত্তা ও সংঘাত প্রতিরোধের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন সংঘাত এবং পরস্পরের সঙ্গে যুক্ত ভূরাজনৈতিক উত্তেজনা আন্তর্জাতিক পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। সংঘাত বড় আকার ধারণ করার আগেই তা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
সভাপতির বক্তব্যে এনএসইউর উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ বরিস তাদিচের নর্থ সাউথ ইউনিভার্সিটি সফর এবং শিক্ষকদের সঙ্গে আন্তর্জাতিক বিষয়ে তাঁর অভিজ্ঞতা ও মতামত ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ জানান।
তিনি বলেন, “এ ধরনের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা আমাদের বৈশ্বিক নেতাদের কাছ থেকে শেখার এবং সমসাময়িক ভূরাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে গভীরভাবে জানার সুযোগ তৈরি করে।”
বিশ্ববিদ্যালয়ে সমালোচনামূলক চিন্তা, তথ্যভিত্তিক আলোচনা এবং বিশ্বপরিস্থিতি সম্পর্কে শিক্ষার্থী ও শিক্ষকদের বিস্তৃত ধারণা তৈরিতে এ ধরনের আয়োজনের গুরুত্বও তুলে ধরেন তিনি।
বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বুদ্ধিবৃত্তিক আলোচনা এবং আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের মতবিনিময়ের সুযোগ তৈরিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির অঙ্গীকারের বিষয়টি এ বিশেষ বক্তৃতার মধ্য দিয়ে আবারও উঠে আসে।