জবি প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১৮:৩৯ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন-২০২৭-এ অংশগ্রহণের জন্য গ্র্যাজুয়েটদের অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক (সম্মান)/বিবিএ/সম্মান এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতকোত্তর/এমবিএ/সম্মান, এমফিল, পিএইচডি ও প্রফেশনাল/সান্ধ্যকালীন প্রোগ্রামে ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থী ও গবেষকরা এ সমাবর্তনে অংশ নিতে পারবেন। আগামী ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২০ নভেম্বর শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহী গ্র্যাজুয়েটরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে convocation.jnu.ac.bd প্রবেশ করে আবেদন ও নিবন্ধন সম্পন্ন করতে হবে।
এতে আরও বলা হয়, সমাবর্তনে অংশগ্রহণের জন্য স্নাতক (সম্মান)/বিবিএ/সম্মান ডিগ্রিধারীদের নিবন্ধন ফি ৫ হাজার টাকা, স্নাতকোত্তর/এমবিএ/সম্মান ডিগ্রিধারীদের ৬ হাজার টাকা, এমফিল ও পিএইচডি ডিগ্রিধারীদের ৬ হাজার ৫০০ টাকা এবং প্রফেশনাল/সান্ধ্যকালীন স্নাতকোত্তর প্রোগ্রামের শিক্ষার্থীদের ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া মূল সনদের নির্ধারিত ফি এবং ক্ষেত্রবিশেষে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ৩০ জানুয়ারি ২০২৭ রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে অংশ নিতে যোগ্য গ্র্যাজুয়েটদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।