কুবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১৮:১৪ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্যাহ।
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় দ্বিতীয়বারের মতো স্থান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্যাহ। বিশ্ববিদ্যালয় থেকে গত দুই বছর ধরে একমাত্র তিনিই এ তালিকায় আছেন।
বুধবার (৭ অক্টোবর) চলতি বছরের তালিকাটি প্রকাশ করে টপ সায়েন্টিস্ট নেট নামক ওয়েবসাইটটি। প্রতিবছর যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের যৌথভাবে এ তালিকা প্রকাশ করা হয়।
মোহাম্মদ শফি উল্যাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র গাণিতিক পদার্থবিদ্যা, সলিটন তত্ত্ব এবং ডিফারেনশিয়াল সমীকরণের বিশ্লেষণাত্মক ও সাংখ্যিক পদ্ধতি।
জানা যায়, ২০২৬ সালের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকা বিভিন্ন গবেষণা ক্ষেত্রে সাইটেশন সংখ্যা, এইচ-ইনডেক্স (H-index) ও কো-অথরশিপ-অ্যাডজাস্টেড এইচ-ইনডেক্সের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। তালিকায় বিশ্বব্যাপী মোহাম্মদ শফি উল্যাহর অবস্থান ১ লাখ ৩৯ হাজার ৯৪১তম এবং গাণিতিক পদার্থবিদ্যা ক্ষেত্রে তার অবস্থান ২ হাজার ৫১০তম।
গুগল স্কলারের তথ্য অনুযায়ী, বর্তমানে তার গবেষণার সাইটেশন সংখ্যা ১ হাজার ৮২৯। এখন পর্যন্ত তার পাবলিকেশন সংখ্যা ৮১টি। গবেষণায় বিশেষ অবদানের জন্য তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে তিনবার ‘বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড’ পেয়েছেন। বর্তমানে দুটি স্কোপাস-ইনডেক্সড জার্নালের একাডেমিক এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে মোহাম্মদ শফি উল্যাহ বলেন, ‘আলহামদুলিল্লাহ, টানা দ্বিতীয়বার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। এই স্বীকৃতি আমাকে গবেষণা ও শিক্ষাক্ষেত্রে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে। আমার সুপারভাইজার, সহকর্মী, সহলেখক, শিক্ষার্থী, সহযোগী ও পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যাদের সহযোগিতা ও উৎসাহ আমার এই পথচলাকে সমৃদ্ধ করেছে।’