× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে হাইকোর্টে রিট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৮:৪৫ পিএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬ ১৮:৪৮ পিএম

ক্লাস করছে শিক্ষার্থীরা। ফাইল ছবি

ক্লাস করছে শিক্ষার্থীরা। ফাইল ছবি

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৭ সালে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। 

মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের পক্ষে বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী জাহিদ তালুকদার এ রিট দায়ের করেন।

রিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিবকে বিবাদী করা হয়েছে।

রিটকারী আইনজীবী জাহিদ তালুকদার জানিয়েছেন, আগামী সপ্তাহে হাইকোর্টের বিচারপতি এস এম মনিরুজ্জামান ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের আদালতে রিটটির শুনানি হতে পারে।

২০২১ শিক্ষাবর্ষে দেশের সরকারি বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষা না নিয়ে ডিজিটাল লটারির সিদ্ধান্ত নেয় সরকার। তবে ক্ষমতায় আসার পর বিএনপি সরকার লটারি পদ্ধতি বাতিল করে বিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়।

চলতি বছরের ১৬ মার্চ সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

একই দিন মন্ত্রণালয়ের পক্ষ থেকে লটারি বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হবে। শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি করা হবে।

লটারি পদ্ধতি বাতিলের সিদ্ধান্তের পর শিক্ষাবিদদের মধ্যে বিতর্ক দেখা দেয়। 

শিক্ষাবিদরা আশঙ্কা প্রকাশ করেন, এর ফলে ভর্তি কোচিং ব্যবসা বাড়বে এবং ভর্তি পরীক্ষার চাপ শিশুদের ওপর বাড়বে।

রিটের বিষয়ে আইনজীবী জাহিদ তালুকদার বলেন, “সরকার লটারি বাতিল করার যে সিদ্ধান্ত নিয়েছে তা পর্যাপ্ত গবেষণা, তথ্য উপাত্ত ও সঠিক মূল্যায়নের ভিত্তিতে হয়নি। সরকার অংশীজনদের সঙ্গে আলোচনা করে একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।”

এই সিদ্ধান্ত সমাজে অসমতা তৈরি করবে দাবি করে তিনি বলেন, “সমাজের দরিদ্র শ্রেণির শিশুরা কোচিং ও টিউটরের ব্যয় বহন করতে পারবে না। ফলে তারা পিছিয়ে পড়বে।”

তিনি আরও বলেন, “সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা বাস্তবায়ন হলে দুর্নীতি, স্বজন-প্রীতি ও বৈষম্য বাড়বে। আমরা চাই না, কোমলমতি শিশুরা প্রতি বছর ভর্তি পরীক্ষার বোঝা নিয়ে বেড়ে উঠুক। এ সব বিবেচনায় আমরা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়েছি।”

রিটকারী সংগঠনের মুখপাত্র কবীর আলমগীর বলেন, “বিশ্বের অনেক দেশ যেমন জাপান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, হংকং, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ডে লটারি পদ্ধতি চালু আছে। কোনো কোনো দেশে ক্লাস্টারভিত্তিক স্কুলগুলোতে ভর্তির সুযোগ আছে। আমাদের দেশেও লটারি বহাল থাকা উচিত।”

তিনি বলেন, “রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভর্তি কোচিংয়ের রমরমা ব্যবসা শুরু হয়েছে। আমাদের কোমলমতি শিশুরা নিরুপায়ভাবে এখনই সামনের বার্ষিক পরীক্ষা ও ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করেছে। যা শিশুদের জন্য দ্বিগুণ পরিশ্রম।”

শিশুদের শৈশব ও মানসিক চাপের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “ভর্তি পরীক্ষার নামে শিশুদের ঘরবন্দি করতে চাই না। আমরা চাই প্রতিটি শিশু আনন্দমুখর পরিবেশে শৈশব কাটাক। ভর্তি পরীক্ষার নামে আমরা শিশুদের গিনিপিগ বানাতে চাই না।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা