বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৭:১৭ পিএম
‘যেখানে বিশ্বের এআই বিল্ডাররা তৈরি করে আগামীর প্রযুক্তি’ প্রতিপাদ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল এআই বিল্ডার্স কংগ্রেস ২০২৬’। আগামী ২৬ ডিসেম্বর সকাল ৭টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাভারের বিরুলিয়া ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হবে। এতে বিজয়ীদের জন্য প্রায় ১০ লাখ টাকা নগদ পুরস্কার রাখা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রিন গার্ডেনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ক্লাউডক্যাম্প বাংলাদেশের আয়োজনে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় কংগ্রেসটি অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য বর্তমানে নিবন্ধন চলছে। অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে এবং সবার জন্য উন্মুক্ত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এটি কোনো সাধারণ হ্যাকাথন বা একদিনের সম্মেলন নয়; বরং ছয় মাসব্যাপী একটি বিল্ডার যাত্রা। জুলাইয়ে শুরু হওয়া এ আয়োজনের সমাপনী হবে ২৬ ডিসেম্বরের একদিনের গ্লোবাল শোকেসের মাধ্যমে। এতে ১১টি গ্লোবাল ডোমেইন ও ৫৫টি চ্যালেঞ্জ ট্র্যাকের মাধ্যমে বাস্তব সমস্যার সমাধানে কাজ করবেন ৫ হাজারের বেশি এআই বিল্ডার।
আয়োজনের প্রতিযোগিতা দুটি ভাগে বিভক্ত। প্রথমটি ‘টিম-বিল্ট প্রোডাক্ট কম্পিটিশন’। এতে তিন থেকে পাঁচ সদস্যের দল ছয় মাস ধরে একটি প্রোডাকশন-রেডি এআই পণ্য তৈরি করবে।
দ্বিতীয়টি ‘এআই-নেটিভ সিঙ্গেল প্রম্পট অ্যাপ্লিকেশন বিল্ডিং চ্যালেঞ্জ’। এতে নির্বাচিত ৫০০ প্রতিযোগী ইভেন্টের দিন মাত্র একটি মাস্টার প্রম্পট ব্যবহার করে এক ঘণ্টার মধ্যে একটি এন্টারপ্রাইজ-গ্রেড অ্যাপ্লিকেশন তৈরি করবেন।
এ ছাড়া অংশগ্রহণকারীদের জন্য থাকবে মেন্টরিং, গ্লোবাল এনআরবি কোলাবরেশন এবং ‘অপরচুনিটি কানেক্ট’ নামে একটি প্ল্যাটফর্ম। এর মাধ্যমে চাকরি, ইন্টার্নশিপ, বিনিয়োগ ও বৃত্তির জন্য রিক্রুটার, বিনিয়োগকারী এবং উচ্চশিক্ষা পরামর্শদাতাদের সঙ্গে পূর্বনির্ধারিত ওয়ান-টু-ওয়ান বৈঠকের সুযোগ থাকবে।
ইভেন্টের দিন বিশেষজ্ঞ জাজিং প্যানেল উদ্ভাবন, কারিগরি দক্ষতা, ব্যবসায়িক সম্ভাবনা, বৈশ্বিক পরিসরে সম্প্রসারণের সক্ষমতা এবং দায়িত্বশীল এআই—এই পাঁচটি মানদণ্ডে প্রকল্প মূল্যায়ন করবে। বিজয়ীদের জন্য প্রায় ১০ লাখ টাকা নগদ পুরস্কারের পাশাপাশি ট্রফি, সম্মাননা, সার্টিফিকেট, পার্টনার সুবিধা, মিডিয়া স্বীকৃতি এবং গ্লোবাল শোকেসে অংশগ্রহণের সুযোগ থাকবে।
ক্লাউডক্যাম্প বাংলাদেশের ফাউন্ডার ও চেয়ারম্যান মোহাম্মদ মাহদী-উজ-জামান বলেন, ‘ইন্টারন্যাশনাল এআই বিল্ডার্স কংগ্রেস কোনো একদিনের আয়োজন নয়—এটি ছয় মাসের একটি যাত্রা, যেখানে তরুণরা শেখে, তৈরি করে এবং নিজেদের গ্লোবাল বিল্ডার হিসেবে প্রমাণ করে।’
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির বলেন, ‘এটি শুধু একটি প্রতিযোগিতা নয়—দেশের তরুণ শিক্ষার্থীদের বৈশ্বিক মানের একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মে নিয়ে আসার একটি সুযোগ। এখানে তারা সরাসরি বাস্তব সমস্যার সমাধানে কাজ করার অভিজ্ঞতা অর্জন করবে।’