গোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৬:৫১ পিএম
গোবিপ্রবিতে ইভটিজিংয়ের ঘটনায় আটক তিন বহিরাগত।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থীকে রাস্তায় উত্ত্যক্ত ও অনুসরণের অভিযোগ উঠেছে চার বহিরাগতের বিরুদ্ধে। একপর্যায়ে ওই শিক্ষার্থীর পিছু নিয়ে অভিযুক্তরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেন। এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে চারজনের নাম উল্লেখ্য করে গোপালগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী। অভিযোগে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও জানান।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, ওই দিন বিশ্ববিদ্যালয়ে প্রেজেন্টেশন শেষে ব্যাচের কয়েকজন শিক্ষার্থী একসঙ্গে বাসার উদ্দেশে বের হন। পথে চার বহিরাগত তাদের এক ব্যাচমেটকে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ওই শিক্ষার্থীর বিষয়ে বিভিন্ন তথ্য জানতে চান। বিষয়টি বুঝতে পেরে ওই ব্যাচমেট সেখান থেকে চলে যান।
পরে শিক্ষার্থীরা বাসায় ফেরার সময় অভিযুক্তরা মোটরসাইকেলে করে তাদের অনুসরণ করতে থাকেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে আতঙ্কিত হয়ে তারা অটোরিকশায় করে আবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে আসেন। অভিযোগ রয়েছে, অভিযুক্তরাও তাদের পিছু নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন।
ক্যাম্পাসে প্রবেশের পর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অভিযুক্তদের মধ্যে তিনজনকে আটক করেন। পরে তাদের প্রক্টরের কাছে সোপর্দ করা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় অপর অভিযুক্ত পালিয়ে যান।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গোপালগঞ্জ সদর থানায় চারজনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার আসামিরা হলেন—তাজিম চৌধুরী, সোহাগ, সম্পদ বিশ্বাস ও ইউসুফ বিশ্বাস। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, চার আসামির মধ্যে তিনজন পুলিশি হেফাজতে রয়েছেন। অপরজন পলাতক।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. এস এম আহসান বলেন, ‘ইভটিজিংয়ের যে ঘটনাটি ঘটেছে, এ জন্য প্রশাসনের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি। এখানে নিরাপত্তাব্যবস্থার একটি ঘাটতি ছিল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।’
তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে মামলা করেছি। ওসির সঙ্গেও আমাদের কথা হয়েছে। পুলিশ প্রশাসন এ বিষয়ে আন্তরিকতা দেখিয়েছে এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে।’
ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে প্রক্টর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গেটে বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার চেষ্টা করব। আশা করছি, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না।’