আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত গণরুম-গেস্টরুমবিরোধী স্মৃতিস্তম্ভ ‘আর্তনাদ’-এর উদ্বোধন অনুষ্ঠানে শহিদ আবরার ফাহাদের পিতা মো. বরকত উল্লাহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভবিষ্যতে যাতে আর কখনো গণরুম-গেস্টরুম ফিরে না আসে, সে জন্য ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন শহিদ আবরার ফাহাদের পিতা মো. বরকত উল্লাহ।
আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত গণরুম-গেস্টরুমবিরোধী স্মৃতিস্তম্ভ ‘আর্তনাদ’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মো. বরকত উল্লাহ বলেন, ‘আর্তনাদ’ স্মারকটি গণরুমের ভয়াবহতা তুলে ধরার জন্য নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে যাতে আর কখনো গণরুম-গেস্টরুম ফিরে না আসে এবং কেউ যাতে হত্যা ও নিপীড়নের শিকার না হয়, সে জন্য ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ডাকসুর বড় সাফল্য হলো সংঘাতমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা। অতীতে প্রতিটি ডাকসুর মেয়াদ শেষে ক্যাম্পাসে হানাহানি হয়েছে। তবে বর্তমান ডাকসু এর ব্যতিক্রম। ভবিষ্যতে যাতে ক্যাম্পাসে আর কোনো সংঘাত না হয়, তার স্মারক হিসেবেই ‘আর্তনাদ’ নির্মাণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম আবাসন সংকট তৈরি করে শিক্ষার্থীদের দিনের পর দিন দাসের মতো ব্যবহার করা হয়েছে। এ আবাসন সংকট মোকাবিলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমন্বয়ে হল নির্মাণের কাজ শুরু হয়েছে। নতুন হলগুলো নির্মিত হলে বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট অনেকটাই কমে আসবে। তখন গণরুম ফিরে আসার সম্ভাবনাও থাকবে না।