রাবি প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ২১:৫৯ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রশাসনিক কার্যক্রমের সংবাদ কভারেজ বয়কটের ঘোষণা দিয়েছে ক্যাম্পাসের তিন সাংবাদিক সংগঠন।
সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের শনাক্ত করে বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক সংবাদ কভার না করার সিদ্ধান্ত নেয় সংগঠনগুলো। প্রধান প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সভাপতি মীর কাদির বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা অজ্ঞাতনামা মামলায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রকৃত অপরাধীদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাদের সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, দাবিগুলো বাস্তবায়নে রাবি প্রশাসন তিন দিন সময় চেয়েছে। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ধরনের কর্মসূচি সাংবাদিকরা কাভার করবেন না।
এর আগে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের নাম উল্লেখ করে মামলা, গ্রেপ্তার ও একাডেমিক বহিষ্কারের দাবিতে সন্ধ্যা থেকে প্রশাসন ভবন ঘেরাও করেন সাংবাদিক সংগঠনগুলোর নেতাকর্মী ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।
এ সময় প্রক্টর ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরিস্থিতি সামাল দিতে পারেননি। পরে উপাচার্য ও উপ-উপাচার্যরা প্রশাসন ভবনে এসে নিজেদের মধ্যে বৈঠকে করেন। এ সময় তাদের ভেতরে রেখেই প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা দেন শিক্ষার্থীরা।