প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ২০:১৮ পিএম
রাজধানীর মিরপুরে অবস্থিত সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ‘শিক্ষকদের পাশে থেকো : পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’—এ প্রতিপাদ্যের প্রতি একাত্মতা প্রকাশ করে এ আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ ফারহানা রেজার নেতৃত্বে দিবসটি উপলক্ষে বিশ্বের সব শিক্ষকের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানো হয়।
দিবসটি উপলক্ষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে শিক্ষকদের ফুল ও শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেয়। পরে উৎসবমুখর পরিবেশে কেক কাটা এবং ‘টিচার অব দ্য মান্থ’ সম্মাননা প্রদান করা হয়। শিক্ষকদের অবদানের স্বীকৃতি হিসেবে নির্বাচিত শিক্ষকদের হাতে সম্মাননা সনদ তুলে দেন কলেজের অধ্যক্ষ ফারহানা রেজা ও পরিচালক নূর ই আলম আজাদ।
অধ্যক্ষ ফারহানা রেজা বলেন, ‘আজ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করব সেই সব প্রিয় মুখগুলোকে, যারা নিজ পেশাকে আলোকবর্তিকায় রূপ দিয়েছেন। জ্ঞানের আলোয় অন্ধকার দূর করে তারা আমাদের সঠিক পথের সন্ধান দিয়েছেন।’
তিনি বলেন, ‘আদর্শ শিক্ষকরা আমাদের অন্তরে ধৈর্য, মানবিকতা ও দেশপ্রেমের বীজ বপন করেন। এর মাধ্যমে আমরা পৃথিবীতে কীভাবে সম্মানের সঙ্গে বাঁচতে হয়, তা শিখতে পারি।’
তিনি আরও বলেন, ‘শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষায় আমাদের আরও সচেতন হতে হবে, যা কেবল এক দিনের আনুষ্ঠানিকতায় নয় বরং প্রতিদিনের অনুশীলনের মাধ্যমেই সম্ভব।’