চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ২০:০২ পিএম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে রাষ্ট্রপতি কর্তৃক চুয়েটের উপাচার্য নিয়োগ ও অব্যাহতি সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনগুলো অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম স্যারকে স্বপদে পুনর্বহাল চাই। এ দাবিতে আমরা গত ১৪ দিন ধরে আন্দোলন করে আসছি। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া পাইনি। আন্দোলনের শুরুর দিন থেকেই আমাদের একটাই দাবি—অধ্যাপক সায়েমকে চুয়েটের উপাচার্য পদে পুনর্বহাল করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে ওই দিন থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন। এরপর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে লাল কার্ড প্রদর্শন, মশাল মিছিল ও মুখোশ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তারা।
এদিকে আন্দোলনের ১৫তম দিনেও চুয়েটের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতিও চলমান রয়েছে।