প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৮:২৫ পিএম
আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ‘স্টার্ট দ্য কনভারসেশন: সেভ আ লাইফ’ শীর্ষক এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ‘স্টার্ট দ্য কনভারসেশন: সেভ আ লাইফ’ শীর্ষক এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং অ্যান্ড ওয়েলবিয়িং সেন্টারের (সিডব্লিউসি) উদ্যোগে এবং ‘কান পেতে রই’-এর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সহায়তা করে এনএসইউসিসিসি, এনএসইউইডিসি ও এনএসইউএসসি।
কর্মশালায় আত্মহত্যা নিয়ে সমাজে প্রচলিত ভুল ধারণা ও বাস্তবতা, আত্মহত্যার ঝুঁকির কারণ, সতর্কবার্তা বা লক্ষণসমূহ, প্রয়োজনীয় সহায়তার জন্য উপযুক্ত জায়গায় যোগাযোগ এবং ঝুঁকিতে থাকা ব্যক্তির সঙ্গে কীভাবে কথা বলতে ও আচরণ করতে হবে—এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালাটি পরিচালনা করেন ‘কান পেতে রই’-এর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও ডিরেক্টর অব স্ট্র্যাটেজি অ্যান্ড পার্টনারশিপ রুবিনা জাহান এবং হেড অব ট্রেনিং অ্যান্ড আউটরিচ আশিক আব্দুল্লাহ। আত্মহত্যা প্রতিরোধবিষয়ক একটি তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শুরু হয়। পরে প্রশিক্ষকেরা অংশগ্রহণকারীদের নিয়ে বিভিন্ন অংশগ্রহণমূলক সেশন পরিচালনা করেন। রোল-প্লে সেশনে সংকটপূর্ণ পরিস্থিতিতে কীভাবে সহায়তামূলক কথোপকথন শুরু করা যায় এবং যথাযথভাবে সাড়া দিতে হয়, তা অনুশীলন করেন শিক্ষার্থীরা।
কর্মশালায় আত্মহত্যাসংক্রান্ত কিছু ভুল ধারণার বিষয়ে আলোকপাত করা হয়। যেমন—কেউ আত্মহত্যার কথা বললে সে কখনো আত্মহত্যার চেষ্টা করবে না, অথবা কেউ আত্মহত্যার সিদ্ধান্ত নিলে তাকে আর বাঁচানো সম্ভব নয়—এ ধরনের ধারণা সঠিক নয়। পাশাপাশি আত্মহত্যার সতর্কবার্তা হিসেবে আচরণে হঠাৎ পরিবর্তন, নিজেকে আঘাত করার চিন্তার কথা বলা, মৃত্যুর ইচ্ছা প্রকাশ করা এবং সম্পর্ক, মানুষের সঙ্গে যোগাযোগ ও নিজের প্রিয় জিনিসপত্র থেকে দূরে সরে যাওয়ার মতো বিষয়গুলো তুলে ধরা হয়।
প্রশিক্ষকেরা জানান, আত্মহত্যার চিন্তায় থাকা কাউকে সহায়তার ক্ষেত্রে সহানুভূতি দেখানো এবং কোনো বিচার বা মূল্যায়ন না করে মনোযোগ দিয়ে শোনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক সময় কেউ নিজের ক্ষতি করার চিন্তার কথা জানালে পরিস্থিতি না বুঝেই দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করা হয়। তবে পরিস্থিতি সঠিকভাবে বোঝা এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত পেশাদার সহায়তার সঙ্গে ওই ব্যক্তিকে যুক্ত করাও আত্মহত্যা প্রতিরোধে ভূমিকা রাখে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ মনোযোগ দিয়ে শোনার গুরুত্ব তুলে ধরেন। বাস্তব একটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, বিপদের সময় কাউকে মন দিয়ে শোনাও তাকে বড় ধরনের সহায়তা দিতে পারে।
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসা বা প্রয়োজনীয় সহায়তা না নেওয়ার দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে আলোচনা করেন উপ-উপাচার্য। তিনি বলেন, অনেক সময় কোনো পরিস্থিতি সম্পর্কে মানুষের নিজস্ব ধারণাই সমস্যাটিকে আরও বড় করে তোলে। তাই কঠিন সময়ে কিছুক্ষণ থামা, গভীরভাবে শ্বাস নেওয়া এবং নিজেকে বর্তমান মুহূর্তে স্থির রাখতে সহজ কিছু অনুশীলন করা গুরুত্বপূর্ণ।
এনএসইউর প্রক্টর অধ্যাপক আবদুল খালেক ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে তিনি বিভিন্ন সামাজিক কাজে আরও বেশি যুক্ত হওয়ার আহ্বান জানান। এ ছাড়া মানসিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ব্যক্তির সঙ্গে আচরণের ক্ষেত্রে নৈতিকতা মেনে চলার ওপরও তিনি গুরুত্ব দেন।
অনুষ্ঠান শেষে কর্মশালার প্রশিক্ষকদের সম্মাননা হিসেবে ক্রেস্ট এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়।