ইবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৭:৩৩ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিএনপি সরকারের প্রথম ২০০ দিনের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জাতীয় ছাত্রশক্তির টাঙানো একটি ব্যানার রাতের আঁধারে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরে ব্যানারটি টাঙানো হলেও রাতে কে বা কারা সেটি খুলে নিয়ে গেছে, তা জানে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ইবি শাখা।
মঙ্গলবার (৬ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, ঝাল চত্বরে যে স্থানে ব্যানারটি টাঙানো হয়েছিল, সেখানে সেটি নেই। ব্যানার সরিয়ে নেওয়ার প্রতিবাদে পুনরায় বিএনপি সরকারের সমালোচনা করে ব্যানার টাঙানোর ঘোষণা দিয়েছে সংগঠনটি।
এ ঘটনায় যৌথ বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় ছাত্রশক্তির ইবি শাখার আহ্বায়ক ফুয়াদ হাসান ও সদস্যসচিব ইফতেহার উদ্দিন। তারা বলেন, ক্যাম্পাসে রাজনৈতিক মতপ্রকাশের ক্ষেত্রে ভিন্নমত থাকতেই পারে। কোনো সংগঠনের রাজনৈতিক বক্তব্যের সঙ্গে দ্বিমত থাকলে তার জবাব রাজনৈতিকভাবেই দেওয়া উচিত। ব্যানার খুলে নিয়ে বক্তব্য মুছে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা আরও বলেন, ক্যাম্পাসে রাজনৈতিক মতপ্রকাশের অধিকার সবার জন্য সমান হওয়া উচিত। এক পক্ষের রাজনৈতিক বক্তব্য প্রকাশের সুযোগ থাকবে, আর অন্য পক্ষের বক্তব্য প্রকাশের পর তা সরিয়ে দেওয়া হবে—এমন দ্বৈত নীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড স্বাধীন রাজনৈতিক চর্চার পরিপন্থী এবং স্বৈরাচারী চর্চার বহিঃপ্রকাশ। ব্যানারটি কে বা কারা খুলে নিয়ে গেছে, তা খুঁজে বের করে বিষয়টি স্পষ্ট করার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘অনুমতি না নিয়ে ব্যানার টাঙানোয় এক ঘণ্টার মধ্যে তা খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে তারা ব্যানারটি খুলে নেয়নি। এরপর কে বা কারা সেটি খুলেছে, এ বিষয়ে আমি জানি না।’
উল্লেখ্য, সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরে ‘বিএনপি সরকারের ২০০ দিনের যত ব্যর্থতা’ শিরোনামে ব্যানারটি টাঙায় জাতীয় ছাত্রশক্তি। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক সহিংসতা, নিয়োগে দলীয়করণ, চাঁদাবাজি-দখলদারি, জ্বালানি সংকট ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচনা করা হয়।