রাবি প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৭:০১ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবার রহমানকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়াও হামলার ঘটনায় তদন্তে গঠিত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাতে শিক্ষার্থী ও সাংবাদিকদের টানা আন্দোলন ও অবস্থান কর্মসূচির পর প্রশাসনের সঙ্গে আলোচনায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রাত দেড়টার দিকে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম এসব সিদ্ধান্ত জানান।
উপাচার্য বলেন, তিন দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন উপস্থাপন করা হবে। এরপর সিন্ডিকেট সভার মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে। আমরা যে সিদ্ধান্ত নেব সেটার ওপর আস্থা রাখুন। আমরা যে সিদ্ধান্ত নেব, সেটার ওপর আস্থা রাখুন।
এর আগে হামলার ঘটনায় প্রশাসনের করা মামলায় কারও নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করার প্রতিবাদে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন কর্মরত সাংবাদিক ও শিক্ষার্থীরা। একপর্যায়ে উপাচার্যসহ প্রশাসনের কর্মকর্তাদের প্রায় ৪৫ মিনিট অবরুদ্ধ করে রাখেন তারা। পরে সাংবাদিকদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে প্রশাসন।
আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী তিন দিনের মধ্যে হামলার ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে। তদন্তে যারা দোষী সাব্যস্ত হবেন, তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হবে। পরে সিন্ডিকেটে প্রয়োজনীয় কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করে তাদের স্থায়ী বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া অভিযুক্তদের মধ্যে যাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্রত্ব নেই, তাদের সনদ বাতিল এবং ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। তদন্ত প্রতিবেদনে দোষীদের নাম চিহ্নিত হলে তাদের নাম উল্লেখ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা এজাহারভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থী শাহ পরান বলেন, ‘আমাদের দাবির একটি অংশ মেনে নিয়েছে প্রশাসন। একই সঙ্গে বাকি দাবিগুলো বাস্তবায়নের রোডম্যাপ দিয়েছে। প্রশাসন ঠিকভাবে কাজ করলে আমরা সহযোগিতা করব। তবে কোনো গাফিলতি হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
প্রশাসনের সব কর্মসূচি বয়কট
এদিকে প্রশাসনের দেওয়া অঙ্গীকার অনুযায়ী তদন্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কর্মরত তিনটি সাংবাদিক সংগঠন প্রশাসনের সব ধরনের কর্মসূচি বয়কটের ঘোষণা দিয়েছে।
সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনের দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এ বয়কট চলবে। একই সঙ্গে প্রশাসনের প্রতিশ্রুতিগুলো নির্ধারিত সময়ে বাস্তবায়ন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মীর কাদির বলেন, ‘আমাদের দাবির বিষয়ে প্রশাসন কিছু সিদ্ধান্ত জানিয়েছে। তবে বেশ কিছু দাবি মেনে নিতে প্রশাসন সময় চেয়েছে। আমরা তদন্ত প্রতিবেদন জমা হওয়া পর্যন্ত প্রশাসনের কোনো সংবাদ কভার করব না।’
এর আগে রবিবার (৪ অক্টোবর) রাতে শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, হামলায় ছাত্রদলের নেতা-কর্মীরা জড়িত ছিলেন। আহত সাংবাদিকদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।