প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১২:৫৮ পিএম
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে সোমবার বিকাল ৩টায় অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশ্ববিদ্যালয় পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং জরুরি সেবাগুলো দ্রুত নিশ্চিত করতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় ক্যাম্পাস এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনসহ নিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে সোমবার বিকাল ৩টায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।
সভায় বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য জরুরি সেবা দ্রুত নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ক্যাম্পাস এলাকায় একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, ক্যাম্পাস, ক্যাম্পাসসংলগ্ন এলাকা ও কুমিল্লা শহরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার পরিবেশ অক্ষুণ্ন রাখা এবং একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সন্তান হত্যাকাণ্ডের শিকার হওয়ার ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে সভায় মত দেন অংশগ্রহণকারীরা।
সভায় কুমিল্লা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব, এসআরবি, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, মেস মালিক, শিক্ষার্থী প্রতিনিধি, সাংবাদিক, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিভিন্ন সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া কুমিল্লা সিটি করপোরেশন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পরিষদ, বিদ্যুৎ বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, ওয়াসা, কুমিল্লা মেডিকেল কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, টিচার্স ট্রেনিং কলেজ, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বার্ড), কুমিল্লা জাদুঘর, উপজেলা প্রশাসন ও এনএসআইয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সভায় কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, “কুমিল্লা নগরীকে নিরাপদ নগরীতে রূপান্তরের জন্য পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে। সন্ধ্যার পর থেকে রাত ১২টা পর্যন্ত টমছম ব্রিজ এলাকায় পুলিশের ছয়টি টিম কাজ করছে। পাশাপাশি সম্প্রতি কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু হয়েছে। এ অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যদের পাশাপাশি অন্যান্য অপরাধীদেরও আটক করা হচ্ছে”।
তিনি বলেন, “কোনো শিক্ষার্থী বা সাধারণ মানুষ বিপদে পড়লে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট না করে একই সঙ্গে পুলিশকে অবহিত করতে হবে। অভিযোগ জানানো হলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে”।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু আমাদের একার নয়, তারা সবার সন্তান ও স্বজন। অথচ বর্তমানে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে”।
তিনি আরও বলেন, “লালমাই পাহাড় ও সংলগ্ন এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা এবং কোনো পুলিশ ফাঁড়ি না থাকায় আশপাশের মেসে থাকা শিক্ষার্থীরা ক্লাস বা টিউশনি শেষে যাতায়াতের সময় নিরাপত্তাহীনতায় ভোগেন”।
শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে সমাজের সব অংশীজনকে গঠনমূলক পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান তিনি।
উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, “দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন। কিন্তু আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। তারা প্রতিনিয়ত হেনস্তা, হয়রানি ও ছিনতাইয়ের শিকার হচ্ছেন। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণ সব সময় আমাদের হাতে থাকে না। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে আমি আপনাদের কাছে আবেদন জানাই, আপনারা আমার ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করুন”।
তিনি বলেন, “শিক্ষার্থীদের প্রধান দাবি নিরাপত্তা। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রত্যেকের দায়িত্ব। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শুধু বিশ্ববিদ্যালয়ের বিষয় নয়; এটি পুরো কুমিল্লার নিরাপত্তার সঙ্গেও সম্পর্কিত”।
এ সময় মেস মালিকদের উদ্দেশে উপাচার্য বলেন, যেসব বাসায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকেন, সেসব বাসার একটি তালিকা প্রশাসনকে দিলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। ভবিষ্যতে নতুন শিক্ষার্থীদের যারা হলে থাকার সুযোগ পাবেন না, তাদের মেসে থাকার ক্ষেত্রেও তালিকাভুক্ত বাসাগুলো সম্পর্কে পরামর্শ দেওয়া সম্ভব হবে।
সভা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি শোনা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়ায় অংশীজনদের ধন্যবাদ জানান উপাচার্য।