ববি প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ২০:৪৪ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নাম ও লোগো ব্যবহারের ওপর সম্প্রতি নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৯৫তম সভার সিদ্ধান্তের আলোকে গত ১ অক্টোবর রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। তবে প্রশাসনের এ সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্বানুমোদন ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়কে বোঝায়—এমন কোনো শব্দ ব্যবহার করা যাবে না। এ নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন, বিশ্ববিদ্যালয়ের প্রযোজ্য বিধিবিধান ও নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এতে আরও বলা হয়, প্রশাসনের পূর্বানুমোদন ছাড়া ‘বরিশাল বিশ্ববিদ্যালয়’, ‘ববি’, ‘বিইউ’, শব্দ এবং বিশ্ববিদ্যালয়ের লোগো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাবে না। অনুমতি ছাড়া এসব নাম ও লোগো ব্যবহার করে কোনো পেজ, প্ল্যাটফর্ম বা অ্যাকাউন্ট পরিচালনাও নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং সাইবার-সংক্রান্ত অনিয়ম রোধে বাংলাদেশ পুলিশের সাইবার টিমের সঙ্গে যৌথভাবে কাজ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নোটিশটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের নানা অব্যবস্থাপনা, প্রশাসনিক দুর্বলতা ও অনিয়ম নিয়ে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেন। তাদের দাবি, শিক্ষার্থীদের সমালোচনা ও মতপ্রকাশ সীমিত করার উদ্দেশ্যেই প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে। এতে মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা হরণ করার একটি অপচেষ্টা।
শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মোহাম্মদ বেলাল বলেন, ‘গুজব নিয়ন্ত্রণের নামে এ সিদ্ধান্ত ব্যক্তিস্বাধীনতার ওপর হস্তক্ষেপ। বিজ্ঞপ্তিতে ‘বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট’-এর কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। এতে ভবিষ্যতে গণতান্ত্রিক ও ছাত্র আন্দোলনে হস্তক্ষেপের সুযোগ তৈরি হবে।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন প্ল্যাটফর্ম লিংকার্স গ্রুপের অ্যাডমিন মুকতাদির রিজভী বলেন, ‘প্রশাসনের উচিত আগে নিজেদের জবাবদিহিতা নিশ্চিত করা। বিভিন্ন অনিয়ম এবং উন্নয়ন ও অ্যাসোসিয়েশন ফি-এর হিসাব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন। এসব প্রশ্নের জবাব না দিয়ে শিক্ষার্থীদের মতপ্রকাশ বন্ধের চেষ্টা গ্রহণযোগ্য নয়।’
শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া বাবু বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের লোগোর অপব্যবহার রোধে যৌক্তিক নীতিমালা থাকতে পারে। তবে এর আড়ালে শিক্ষার্থীদের গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের অধিকার সীমিত করা কাম্য নয়। বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তা ও যুক্তিচর্চার জায়গা, এখানে কোনো ভয় বা নিয়ন্ত্রণের সংস্কৃতি তৈরি হতে দেওয়া যাবে না।’
এ বিষয়ে ববির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. আব্দুল আলিম বাছির সাংবাদিকদের বলেন, ‘সার্বিক কল্যাণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো সিদ্ধান্ত নিতে পারে।’