কুবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৭:৩১ পিএম
জাতীয় ও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অবস্থান উন্নয়ন এবং গবেষণা ও শিক্ষার মানোন্নয়নে কৌশল নির্ধারণ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে অবস্থান উন্নয়নে গঠিত কমিটির উদ্যোগে ‘বিয়ন্ড রেপুটেশন: দ্য স্ট্র্যাটেজিক পজিশনিং অব কুমিল্লা ইউনিভার্সিটি অন দ্য গ্লোবাল র্যাঙ্কিং ল্যান্ডস্কেপ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্মেলন কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. কাউছার আহম্মেদ পাটোয়ারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক এবং র্যাঙ্কিং অ্যান্ড স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট সেলের অতিরিক্ত পরিচালক ড. ফাহাদ হুসাইন।
সেমিনারে বৈশ্বিক র্যাঙ্কিংয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করা, গবেষণা কার্যক্রম জোরদার, মানসম্মত প্রকাশনা নিশ্চিত এবং প্রাতিষ্ঠানিক কৌশল নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি র্যাঙ্কিং উন্নয়নে গঠিত কমিটির অগ্রগতি নিয়েও আলোচনা হয়।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়কে আধুনিকীকরণ এবং র্যাঙ্কিংয়ে অবস্থান উন্নত করাই মূল উদ্দেশ্য। এ ক্ষেত্রে সংখ্যার চেয়ে গুণগত মানের দিকে বেশি গুরুত্ব দিতে হবে। বেশি সংখ্যক গবেষণা প্রকাশনার চেয়ে মানসম্মত ও উচ্চমানের গবেষণা পরিচালনা এবং তা প্রকাশ করতে পারলে আমাদের জন্য বড় অর্জন। পাশাপাশি আইকিউএসি-সংশ্লিষ্ট গুণগত শিক্ষার বিষয়টিও আমরা গুরুত্ব দিয়ে দেখছি। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ আউটকাম-বেসড কারিকুলাম নিয়ে কাজ করছে। কীভাবে সম্মিলিতভাবে শিক্ষার গুণগত মান আরও উন্নত করা যায়, সে বিষয়েও আমরা কাজ করছি। আমি মনে করি, এসব উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক অবস্থান তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা যদি সামনে এগিয়ে যেতে পারি এবং গবেষণা, উদ্ভাবন, গুণগত শিক্ষা ও কমিউনিটি ইনভলভমেন্টকে অগ্রাধিকার দিই, তাহলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে যে লক্ষ্য নিয়ে এগিয়ে নিতে চাই, তা অনেকাংশেই পূরণ করা সম্ভব হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আমরা সবার সহযোগিতা প্রত্যাশা করছি এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করছি।’
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, গ্লোবাল র্যাঙ্কিংয়ের উন্নয়নের লক্ষ্যে বর্তমান প্রশাসনের উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং ও একাডেমিক সুনাম বাড়াতে মানসম্মত গবেষণা এবং আন্তর্জাতিক মানের প্রকাশনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি সময়মতো পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে একাডেমিক শৃঙ্খলা বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, ‘র্যাঙ্কিং উন্নয়নের জন্য আমরা একটি কমিটি গঠন করেছি। কমিটি র্যাঙ্কিংয়ের বিভিন্ন ক্রাইটেরিয়া ও রিকোয়ারমেন্ট নির্ধারণে কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব রিকোয়ারমেন্ট পূরণের পাশাপাশি সেগুলোর যথাযথ ডকুমেন্টেশনও করা হবে। ইতোমধ্যে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনের জন্য একটি রাউন্ডটেবিল আয়োজন করেছি। সেখান থেকে পাওয়া ফলাফল ও মতামত পরবর্তী কার্যক্রমে কাজে লাগবে। শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আমরা ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠা করেছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণেও কাজ করছি। আমরা একটি গ্রিন ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছি। বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে গ্রিন ক্যাম্পাস গড়ে তোলা একটি অত্যন্ত উচ্চাভিলাষী পরিকল্পনা ও স্বপ্ন।’
তিনি আরও বলেন, র্যাঙ্কিং উন্নয়ন কোনো একক ব্যক্তি বা কমিটির কাজ নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। গবেষণা, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, আন্তর্জাতিকীকরণ, গ্রিন ক্যাম্পাস ও অবকাঠামোগত উন্নয়নসহ চলমান কার্যক্রমগুলো সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে দৃশ্যমান অগ্রগতি অর্জন করাই প্রশাসনের লক্ষ্য।