রাবি প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৬:৩৩ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। হামলার প্রতিবাদে দিনব্যাপী ক্লাস বর্জনের কর্মসূচিও পালন করছে বিভাগটি।
মানববন্ধনে বিভাগের অধ্যাপক আল-আল মামুন বলেন, ‘জুলাইয়ের পর এ ধরনের ঘটনার মুখোমুখি হতে হবে বা এমন দৃশ্য দেখতে হবে, তা আমরা আশা করিনি। এই ঘটনায় জড়িত দুই পক্ষই ফেসবুকে একে অপরকে মারধরের হুমকি দিয়ে আসছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন গত দুই দিন প্রায় নিষ্ক্রিয় ছিল। এ সুযোগেই সহিংস ঘটনা ঘটেছে। আমাদের দাবি পরিষ্কার—যারা সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তির উপযুক্ত প্রক্রিয়া শুরু করতে হবে। জুলাই অভ্যুত্থানের সময় সাংবাদিকরা জনগণের চোখ ও কান হিসেবে কাজ করেছেন। তারা আমাদের রক্ষাকবচ। আমরা যদি সঠিক সাংবাদিকতার সুযোগ নিশ্চিত করতে না পারি, তাহলে দেশ আবারও অন্ধকারের দিকে ফিরে যাবে।’
অধ্যাপক মশিহুর রহমান বলেন, ‘শিক্ষকতার তিন দশকে সাংবাদিকদের ওপর এমন আঘাতের ঘটনা আমি কখনো দেখেননি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অগ্রাধিকার ভিত্তিতে অপরাধীদের বিরুদ্ধে মামলা করে ফৌজদারি আইনের আওতায় শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে অপরাধ প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিলসহ বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী যে ধরনের প্রাতিষ্ঠানিক শাস্তির সুযোগ রয়েছে, সেসব পদক্ষেপ নিতে হবে। যাতে শিক্ষার্থীরা নির্ভয়ে চলাফেরা করতে পারে এবং গণমাধ্যমকর্মীরা নিরাপদে তথ্য সংগ্রহ করতে পারেন।’

সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর গণমাধ্যম সংস্কারের পরিবর্তে রাতারাতি তা দখলের চেষ্টা করা হয়েছে। সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়েছে, প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। দুটি গুরুত্বপূর্ণ গণমাধ্যমের ওপর সরাসরি হামলাও হয়েছে। ঢাকায় যখন এসব হামলার ঘটনা ঘটছে, তখন রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের সভাপতিরা এসব হামলায় মদদ দিচ্ছে। আমরা যে গণমাধ্যমের স্বাধীনতা ও সংস্কারের কথা বলতে চেয়েছিলাম, তার পরিবর্তে পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে। সর্বশেষ গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়েও নির্দিষ্ট করে সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে।’
বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা যখন রক্তাক্ত, ব্যথায় কাতর, তখন আমাদের মানববন্ধনে দাঁড়াতে হয়েছে। এ পরিস্থিতিতে আমরা আজ ক্লাস বর্জন করেছি। দুপুরে একাডেমিক কমিটির সভাও আহ্বান করা হয়েছে। সেখানে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।’
শিক্ষার্থী ফারজানা তন্বী বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনার স্পষ্ট ফুটেজ রয়েছে। আজকের মধ্যে প্রশাসন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে তাদের পদত্যাগ করা উচিত। যে প্রশাসনের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা হয়, সেখানে প্রশাসনের অস্তিত্ব নেই।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ইরফান তামিম, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আশিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক দীন ইসলামসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধন সঞ্চালনা করেন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু সালেহ শোয়েব।