× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গবিতে ‘ফটোওয়াক টেলস ৪.০’ আলোকচিত্র প্রদর্শনী

গবি প্রতিনিধি

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ২০:২১ পিএম

গবিতে ‘ফটোওয়াক টেলস ৪.০’ আলোকচিত্র প্রদর্শনী

গণ বিশ্ববিদ্যালয়ের বাদামতলায় দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘ফটোওয়াক টেলস ৪.০’ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিক সোসাইটির (জিবিপিএস) সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। দেশের বিভিন্ন অঞ্চলে ফটোওয়াকের মাধ্যমে ধারণ করা মানুষের জীবন, প্রকৃতি ও নানা প্রেক্ষাপটের আলোকচিত্র এতে প্রদর্শন করা হয়।

প্রদর্শনীতে স্থান পাওয়া প্রতিটি ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে আলাদা গল্প। বিভিন্ন ফ্রেমে উঠে এসেছে প্রবীণ মানুষের জীবন, প্রত্যন্ত গ্রামের দৃশ্যসহ সমাজ ও মানুষের নানা চিত্র। প্রদর্শনী দেখতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল।

জিবিপিএসের সভাপতি নাজমুল মুক্তাদির সাইমুম জানান, প্রতি বছর তারা দেশের বিভিন্ন অঞ্চলে ফটোওয়াকে যান। সেখানে মানুষের জীবন, মুখাবয়ব ও নানা প্রেক্ষাপট ক্যামেরায় ধারণ করেন। ছবির মাধ্যমে মানুষের কথা ও জীবনের গল্প তুলে ধরাই তাদের মূল উদ্দেশ্য। তিনি বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর মেধা, শ্রম ও পরামর্শের একটি অংশ রয়েছে জিবিপিএসে।


সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. নিলয় কুমার দে বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশের প্রত্যন্ত অঞ্চলের মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্তসহ সব শ্রেণির মানুষের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করার স্বপ্ন দেখেছিলেন। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থাকলে শিক্ষার্থীদের নেতৃত্বগুণ বিকশিত হয়। ফটোগ্রাফিক সোসাইটি প্রত্যন্ত অঞ্চলের ছবি তুলে সমাজে শিক্ষামূলক বার্তা পৌঁছে দিচ্ছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন প্রদর্শনীর উদ্যোগের প্রশংসা করে বলেন, জিবিপিএস অর্থবোধক ও সুন্দর ছবি বাছাই করেছে। প্রদর্শনীর ছবিগুলো বাঁধাই করে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কাছে বিক্রি করা হবে। এর মাধ্যমে সংগঠনের জন্য একটি আর্থিক জোগান তৈরি হবে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর যাত্রা শুরু করে জিবিপিএস। তিন বছরের মধ্যে সংগঠনটি বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সদস্য হিসেবে নিবন্ধিত হয়। গণ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে জাতীয় পর্যায়ে নিবন্ধিত প্রথম সংগঠন হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে জিবিপিএস।


এর আগে ‘আলোকচিত্রে বদলাই চিন্তার দৃষ্টিকোণ’ প্রতিপাদ্যে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ ফটোগ্রাফি ক্লাবের সঙ্গে যৌথভাবে দিনব্যাপী ‘আলোকচিত্র উৎসব’ আয়োজন করে সংগঠনটি। এতে ৭৬টি ছবি প্রদর্শিত হয়। এ ছাড়া ‘আমার চোখে গবি ক্যাম্পাস’ নামে আলোকচিত্র প্রতিযোগিতা এবং বিশ্ববিদ্যালয়ের ছয়জন তৃতীয় লিঙ্গের নিরাপত্তাকর্মীর জীবনগল্প নিয়ে আলোকচিত্র প্রদর্শনীতেও সহযোগিতা করেছে জিবিপিএস।

প্রতিষ্ঠাবার্ষিকীর দিনই প্রদর্শনীটি আয়োজনের কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা পিছিয়ে দেওয়া হয়। পরে রবিবার (৪ অক্টোবর) গণ বিশ্ববিদ্যালয়ের বাদামতলায় দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং জিবিপিএসের উপদেষ্টা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা