ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল। ছবি: বিবিসি বাংলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হবে ২৬ জানুয়ারি। এতে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং গেস্ট অব অনার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলে এ বিষয়ে আলোচনা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর বিষয়টি নিশ্চিত করে।
সাক্ষাৎকালে উপাচার্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান।

একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারে নেওয়া পদক্ষেপ এবং বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ সময় উপাচার্য ২৬ জানুয়ারি অনুষ্ঠেয় ৫৪তম সমাবর্তনে চ্যান্সেলর হিসেবে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।
রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে যোগ দেওয়ার সম্মতি জানান। অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে সমাবর্তনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠ নয়; দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও কেন্দ্রবিন্দু। শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রতিনিধিদলে আরও ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।