ভাওয়াল কলেজ প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৮:৩১ পিএম
গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ২০টি ডাস্টবিন স্থাপন করা হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের সহযোগিতায় এসব ডাস্টবিনের ব্যবস্থা করা হয়।
প্রায় ২৪ একর জায়গাজুড়ে বিস্তৃত কলেজটিতে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রায় ২০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতিতে ক্যাম্পাস মুখর থাকলেও পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার অভিযোগ ছিল। বিশেষ করে কলেজের মাঠ, পুকুরপাড়সহ বিভিন্ন স্থানে আবর্জনা জমে থাকায় ক্যাম্পাসের পরিবেশ ও সৌন্দর্য ব্যাহত হচ্ছিল।
শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সমস্যা সমাধানে গত ২৪ সেপ্টেম্বর গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের কাছে ২০টি ডাস্টবিন চেয়ে আবেদন করা হয়। পরে সিটি করপোরেশনের সহযোগিতায় ডাস্টবিনগুলো সংগ্রহ করে কলেজে হস্তান্তর করা হয়।
কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম সোহেল রানা জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে সিটি করপোরেশনের প্রশাসকের কাছে আবেদন করা হয়েছিল। পরে নিয়মিত যোগাযোগের মাধ্যমে ডাস্টবিনগুলো সংগ্রহ করা হয়। তিনি নিজে সিটি করপোরেশনে উপস্থিত থেকে ডাস্টবিনগুলো গ্রহণ করে কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
তিনি আরও জানান, এ উদ্যোগ বাস্তবায়নে ভাওয়াল কলেজ ছাত্রদল ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ছানোয়ারা সুলতানার সার্বিক সহযোগিতা ছিল।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ছানোয়ারা সুলতানা বলেন, ‘হাজার হাজার শিক্ষার্থীর পদচারণায় প্রতিদিন মুখরিত থাকে এ ক্যাম্পাস। প্রয়োজনীয় ডাস্টবিনের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা অনেক সময় অসাবধানতাবশত যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলতেন। এতে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি ডেঙ্গুসহ বিভিন্ন রোগের সংক্রমণের ঝুঁকিও তৈরি হচ্ছিল।’
তিনি বলেন, ‘বিষয়টি সমাধানে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের কাছে আবেদন করা হলে সিটি করপোরেশনের পক্ষ থেকে ২০টি ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে।’
ডাস্টবিন স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের মতে, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা থাকলে ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ও পরিবেশ আরও ভালোভাবে বজায় রাখা সম্ভব হবে।
ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা-আবর্জনা ফেলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।