ববি প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৮:১২ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়বদ্ধতা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্বানুমোদন ছাড়া ‘বরিশাল বিশ্ববিদ্যালয়’, ‘ববি’, ‘বিইউ’, ‘Barishal University’, ‘BU’সহ বিশ্ববিদ্যালয়ের নাম বা লোগো কোনোভাবেই ব্যবহার করা যাবে না। একইভাবে অনুমোদন ছাড়া এসব নাম, লোগো বা অন্যান্য পরিচিতিচিহ্ন ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্ল্যাটফর্ম, পেজ বা অ্যাকাউন্ট পরিচালনা নিষিদ্ধ।
এ ছাড়া অনুমোদনহীন পেজ বা অ্যাকাউন্ট পরিচালনা এবং বিশ্ববিদ্যালয়ের নামে অসত্য বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হলে দেশের প্রচলিত আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়কে নির্দেশ করে এমন কোনো শব্দ বা লোগোর অপব্যবহার এবং সাইবার-সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে বাংলাদেশ পুলিশের সাইবার টিমের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।