প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৮:০৯ পিএম
ছবি: সংগৃহীত
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত হলো জাতীয় আন্তবিশ্ববিদ্যালয় অর্থনীতি বিষয়ক প্রতিযোগিতা ‘ইকোনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল।
গত শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউআইইউর অর্থনীতি বিভাগের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির জুনিয়র ইকোনমিস্টস ফোরাম (জেইএফ)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সম্মানিত অতিথি ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ইউনাইটেড গ্রুপের উপদেষ্টা কে. এম. এ. শামীম। ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ওমর ফারুক।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ২২৪টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। কোনো প্রকার নিবন্ধন ফি ছাড়াই আয়োজিত এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল পাঠ্যবইয়ের গণ্ডি ছাড়িয়ে শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা ও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে অর্থনৈতিক যুক্তি নিশ্চিত করা।
প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার্থীদের বিশ্লেষণ ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে ‘ইকোনথন’ একটি চমৎকার মঞ্চ। অর্থনৈতিক চ্যালেঞ্জ অনুধাবন ও দেশের উন্নয়নে অবদান রাখতে সক্ষম মেধাবী তরুণদের গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, কোনো কিছু এক দিনে পরিবর্তন সম্ভব নয়, তবে লক্ষ্য অর্জনে দৃঢ়ভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের তথ্য ও প্রমাণের ভিত্তিতে নীতি ও চিন্তাভাবনা গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কোনো নীতি শুধু কাগজে সুন্দর দেখালেই যথেষ্ট নয়; সেটি বাস্তবায়নযোগ্য কি না, কত ব্যয় হবে, কারা উপকৃত হবে এবং ব্যয়ের বোঝা শেষ পর্যন্ত কার ওপর পড়বে—এসব বিবেচনা করা জরুরি।”
আমির খসরু মাহমুদ চৌধুরী উল্লেখ করেন, এই প্রতিযোগিতার লক্ষ্য জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৮, ১০ ও ১৭ নম্বরের সঙ্গে সম্পর্কিত; যা শোভন কাজ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈষম্য হ্রাস এবং লক্ষ্য অর্জনে অংশীদারত্বকে উৎসাহিত করে।
সম্মানিত অতিথি হাসান মাহমুদ রাজা বলেন, শিক্ষা কেবল পাঠ্যবই ও শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের বাস্তব জীবনের অর্থনৈতিক চ্যালেঞ্জে অর্জিত জ্ঞান প্রয়োগ, সমালোচনামূলক চিন্তা এবং উদ্ভাবনী সমাধান তৈরিতে সাহায্য করবে।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা ও সমালোচনামূলক চিন্তা গড়ে তোলায় বিশ্ববিদ্যালয়ের যে অঙ্গীকার, ‘ইকোনথন ২০২৬’ তারই প্রতিফলন। তিনি অংশগ্রহণকারী সব দল এবং আয়োজক জুনিয়র ইকোনমিস্টস ফোরামকে অভিনন্দন জানান।
প্রতিযোগিতায় মোট ২ লাখ ৬৫ হাজার টাকার পুরস্কার দেওয়া হয়। এতে চ্যাম্পিয়ন হয়ে ১ লাখ টাকা পুরস্কার অর্জন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির দল ‘ভিনি বিডি ভিসি’। প্রথম রানার-আপ হয়ে ৭৫ হাজার টাকা পেয়েছে ঢাকা ইউনিভার্সিটির দল ‘সেন্ড’ এবং দ্বিতীয় রানার-আপ হয়ে ৫০ হাজার টাকা পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ঢাকা ৯৯’। এ ছাড়া ‘পিপলস চয়েস’ হিসেবে সাউথইস্ট ইউনিভার্সিটিসহ অন্যান্য অংশগ্রহণকারী দলকে প্রত্যেকে ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থনীতিবিদ, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতাটির পাওয়ার্ড স্পনসর ছিল ইউনাইটেড ফাইন্যান্স, গোল্ড স্পনসর ইউনাইটেড ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্ল্যাটিনাম স্পনসর ব্র্যাক ব্যাংক এবং ব্রোঞ্জ স্পনসর হিসেবে ছিল বনটন ফুডস।