× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে তালা, পাল্টাপাল্টি অভিযোগ

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৭:৫৭ পিএম

ক্যান্টিনে তালা দিয়েছেন শিক্ষার্থী ও গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) নেতারা। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

ক্যান্টিনে তালা দিয়েছেন শিক্ষার্থী ও গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) নেতারা। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

নিম্নমানের খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ, অতিরিক্ত দামসহ নানা অনিয়মের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) অভ্যন্তরীণ ক্যান্টিনে তালা দিয়েছেন শিক্ষার্থী ও গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) নেতারা। এ ঘটনায় ক্যান্টিন মালিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠার পাশাপাশি গকসুর সমাজকল্যাণ ও ক্যান্টিন বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন অন্তর ও তার বন্ধু জাহিদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন ক্যান্টিন মালিক।

তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে অন্তর ও জাহিদ পাল্টা ক্যান্টিন মালিকের বিরুদ্ধে বিদ্যুৎ বিল ও বিভিন্ন পাওনা পরিশোধ না করা, শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেওয়া এবং ক্যান্টিন পরিচালনায় অনিয়মের অভিযোগ তুলেছেন।

গত বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে গকসুর কোষাধ্যক্ষ খন্দকার আব্দুর রহিম ও সমাজকল্যাণ ও ক্যান্টিন বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন অন্তরের নেতৃত্বে শিক্ষার্থীরা ক্যান্টিনটি তালাবদ্ধ করেন। গকসুর নেতারা জানান, অনিয়মের অভিযোগের সমাধান না হওয়া পর্যন্ত ক্যান্টিনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

ক্যান্টিন মালিক বাবু মিয়া জানান, অন্তর ও জাহিদ বিভিন্ন সময় তার কাছে টাকা দাবি করতেন। টাকা না দিলে ঝামেলা করা, ক্যাশের সামনে বিশৃঙ্খলা, ক্যান্টিন থেকে বের করে দেওয়া এবং মারধরের হুমকি দেওয়া হতো। এতে তার প্রায় দেড় থেকে দুই লাখ টাকা ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি। জাহিদ তার কাছ থেকে একটি চেক নিয়েছেন বলেও অভিযোগ করেন বাবু মিয়া।

তিনি আরও জানান, অন্তর প্রতিদিন তার কাছ থেকে এক হাজার টাকা নিতেন। এ ছাড়া ক্যান্টিনের জামানত বাবদ অন্তরকে ৬০ হাজার টাকা এবং আংশিক বিদ্যুৎ বিলও পরিশোধ করেছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে অন্তর বলেন, তার বিরুদ্ধে এর আগেও একই ধরনের অভিযোগ করা হয়েছে। ওই ঘটনায় তিনি ক্যান্টিন মালিকের বিরুদ্ধে মানহানির মামলাও করেছেন বলে জানান। ৬০ হাজার টাকা এবং প্রতিদিন এক হাজার টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে তিনি বলেন, ‘তিনি যদি সত্যিই আমাকে এত টাকা দিয়ে থাকেন, তাহলে তার প্রমাণ উপস্থাপন করা উচিত।’

তিনি আরও বলেন, ক্যান্টিন মালিকের প্রায় আট মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বিভিন্ন দোকানদার ও ক্যান্টিন কর্মচারীর পাওনা নিয়েও অভিযোগ রয়েছে। এ ছাড়া ক্যান্টিন মালিক এক শিক্ষার্থীর কাছ থেকে ব্যবসা সম্প্রসারণের কথা বলে ধাপে ধাপে ৫ লাখ ৬০ হাজার টাকা নিয়েছেন এবং এ নিয়ে চেকের মামলাও চলমান রয়েছে।

চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে জাহিদ বলেন, ‘এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ক্যান্টিন মালিকের সঙ্গে আমার ব্যবসায়িক অংশীদারত্ব ছিল। ক্যান্টিন পরিচালনার জন্য ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত আমার ১ লাখ ১৯ হাজার টাকা ব্যয় হয়েছে।’

এ ঘটনায় জাহিদ আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরির আবেদন করেছেন। এতে ক্যান্টিন মালিকের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার এবং হুমকির অভিযোগ এনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন।

দীর্ঘদিন ধরে ক্যান্টিনের খাবারের উচ্চমূল্য, নিম্নমান ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ করে আসছিল। এসব বিষয়ে বারবার অবগত করা হলেও সমাধান না হওয়ায় ক্যান্টিন তালাবদ্ধ করা হয়েছে বলে জানান গকসুর নেতারা। ক্যান্টিন মালিকের বিরুদ্ধে জামানতের টাকা পরিশোধ না করা, বিদ্যুৎ ও জেনারেটরের বিল বকেয়া রাখা, শিশুশ্রম, বাসি খাবার বিক্রি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়ার অভিযোগও রয়েছে।

গকসুর সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদূল দেওয়ান বলেন, ‘ক্যান্টিন মালিকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। বিদ্যুৎ বিল ও জামানতের বকেয়া পরিশোধের জন্য তাকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। ক্যান্টিন কমিটি জোর করে বকেয়া অর্থ আদায়ের চেষ্টা করলেও সম্পূর্ণ অর্থ এখনো পরিশোধ হয়নি। খাবারের মান ও পরিবেশ নিয়ে বারবার সতর্ক করার পরও সমাধান না হওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভে ক্যান্টিন তালাবদ্ধ করেছে। দ্রুততম সময়ের মধ্যে ক্যান্টিন সংস্কার করে স্থায়ী সমাধানের পদক্ষেপ নেবে কেন্দ্রীয় ছাত্র সংসদ।’

চাঁদাবাজির অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘অভিযোগটি মিথ্যা। তবে তথ্য-প্রমাণ উপস্থাপন করলে বিষয়টি খতিয়ে দেখা হবে। মূলত ক্যান্টিন মালিকের কাছে বিভিন্ন দোকানদার ও কর্মচারীদের অনেক পাওনা রয়েছে। সার্বিক বিষয়ে ক্যান্টিন কমিটি, ছাত্র সংসদ ও ক্যান্টিন মালিককে নিয়ে প্রশাসনে সালিশ বসবে।’

নানা অভিযোগ ও পাল্টা অভিযোগের বিষয়ে ক্যান্টিন কমিটির সভাপতি ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবু রায়হানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘ক্যান্টিনে তালা দেওয়ার বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে ক্যান্টিন কমিটির সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। চাঁদাবাজি ও হয়রানির অভিযোগের বিষয়েও আমি অবগত নই। আমার কাছে কোনো অভিযোগ আসেনি।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা