× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্ষুদে গবেষকদের গবেষণায় মুখর ঢাবি

ঢাবি প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ২২:৩২ পিএম

ক্ষুদে গবেষকদের গবেষণায় মুখর ঢাবি

স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দিনব্যাপী ‘১১তম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন ২০২৬’। স্বেচ্ছাসেবী গবেষণা সংগঠন ‘চিন্তার চাষ’-এর আয়োজনে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার প্রায় ৫৮টি স্কুলের সপ্তম থেকে দশম শ্রেণির ৩১৮ জন শিক্ষার্থী এতে অংশ নিয়েছে। সম্মেলনে ১২৮টি গবেষণাপত্র ও ধারণাপত্র উপস্থাপন করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)সহ বিশ্ববিদ্যালয়ের আটটি ভেন্যুতে এসব গবেষণাপত্র উপস্থাপন করা হয়। সম্মেলনের বাংলা গণমাধ্যম সহযোগী বণিক বার্তা এবং ইংরেজি গণমাধ্যম সহযোগী দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস।

টিএসসিতে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির এবং দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের পরিকল্পনা সম্পাদক আসজাদুল কিবরিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘চিন্তার চাষ’-এর চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান।

স্বাগত বক্তব্যে সম্মেলনের আহ্বায়ক ও ‘চিন্তার চাষ’-এর পরিচালক জাহিদুল ইসলাম সম্মেলনের ধারাবাহিকতা ও আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, উচ্চশিক্ষায় গবেষণার উন্নয়নে ইউজিসি কাজ করে যাচ্ছে। আজকের আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীরাই আগামী দিনের গবেষক। তারা দেশের অগ্রগতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ক্ষুদে গবেষকদের দেখে তিনি আশাবাদী বলেও মন্তব্য করেন।

ঢাবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, স্কুলশিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের আয়োজন আগে আমার কাছে দৃশ্যমান হয়নি। দেশের উন্নতি ও অগ্রগতির যে স্বপ্ন দেখা হয়, ‘চিন্তার চাষ’-এর এ আয়োজনের মাধ্যমে ক্ষুদে গবেষকদের হাত ধরে তা বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের বুদ্ধিবৃত্তিক সক্ষমতার ওপর নির্ভরতা কমিয়ে দিচ্ছে। প্রযুক্তির অগ্রযাত্রার মধ্যেও মৌলিক গবেষণার চর্চা অব্যাহত রাখা প্রয়োজন। মৌলিক গবেষণার মাধ্যমেই এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।

দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের পরিকল্পনা সম্পাদক আসজাদুল কিবরিয়া জানান, ‘চিন্তার চাষ’-এর সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে যুক্ত। তার প্রজন্মে এ ধরনের সুযোগ পাওয়া বা দেখার সুযোগ ছিল না। বর্তমান প্রজন্ম যে সুযোগ পাচ্ছে, তার মাধ্যমে তাদের উৎকর্ষ সাধনে ‘চিন্তার চাষ’ ভূমিকা রাখছে।

‘চিন্তার চাষ’-এর চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান বলেন, স্কুল পর্যায়ে গবেষণার চর্চা ছড়িয়ে দিতে সংগঠনটির এ কার্যক্রম ১১ বছরের ধারাবাহিকতায় এগিয়ে চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এ প্রজন্মের শিক্ষার্থীরা সক্ষমতা ও সৃজনশীলতার পরিচয় দিচ্ছে উল্লেখ করে তিনি ক্ষুদে গবেষকদের নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

পরিবেশবিষয়ক গবেষণায় যমুনা ক্যান্টনমেন্টের শিক্ষার্থীরা

এবারের সম্মেলনের পরিবেশবিজ্ঞান শাখায় অংশ নিয়েছে টাঙ্গাইলের ভূঞাপুরে অবস্থিত যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘বাসাবাড়ির সবজির উচ্ছিষ্ট অংশ থেকে জৈব সার তৈরি এবং টব গাছের বৃদ্ধিতে এর কার্যকারিতা পরীক্ষা’ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করে।

গবেষণা দলের সার্বিক দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানটির প্রভাষক মো. আবু রায়হান। তিনি বলেন, ক্ষুদে গবেষক সম্মেলনে পরিবেশবিজ্ঞান শাখায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের গবেষণামুখী চিন্তা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশে ভূমিকা রাখে। শিক্ষার্থীদের গবেষণামূলক মনোভাব ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ করে দেওয়ায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা