ঢাবি প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ২০:৫৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, একটি গণ-আন্দোলন হয়তো কোনো অন্যায় শাসনব্যবস্থাকে ভেঙে ফেলতে পারে। তবে উন্নত ও নতুন ব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজন বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টা ও একাডেমিক গবেষণা।
শনিবার (৩ অক্টোবর) ঢাবির লোক প্রশাসন বিভাগ আয়োজিত ‘পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন্টারন্যাশনাল কনফারেন্স’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বতন্ত্র ও অনন্য হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে শিক্ষাবিদ ও গবেষকদের সর্বোচ্চ মানের গবেষণা ও একাডেমিক কার্যক্রম নিশ্চিত করতে হবে। সরকারি অর্থায়নের সীমাবদ্ধতার কারণে নিয়মিত কার্যক্রম পরিচালনার পর গবেষণার জন্য তহবিলে পর্যাপ্ত অর্থ অবশিষ্ট থাকে না। তাই গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বা স্বতন্ত্র তহবিল গঠন করা জরুরি। এ ক্ষেত্রে দেশি-বিদেশি শিল্পপ্রতিষ্ঠান ও গবেষণা কেন্দ্রগুলোর সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন করতে হবে। তিনি বলেন, শিক্ষার্থী ও গবেষকরা যাতে নির্বিঘ্নে গবেষণা চালিয়ে যেতে পারেন, সে জন্য বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সহায়তা প্রত্যাশা করি।
তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, তার পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন। বছরের পর বছর জনপ্রশাসনকে একটি অগণতান্ত্রিক শাসনব্যবস্থা টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। ফলে সাধারণ মানুষের সঙ্গে জনপ্রশাসনের দূরত্ব ক্রমশ বেড়েছে। তবে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান এই বাস্তবতায় আমূল পরিবর্তন এনেছে।
অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বর্তমান প্রজন্মের তরুণরা অসীম সাহসিকতা নিয়ে এগিয়ে এসেছিল—শুধু সরকার পরিবর্তনের জন্য নয়, বরং বৈষম্যহীন ও আইনের শাসনভিত্তিক একটি ন্যায়পরায়ণ সমাজ গঠনের লক্ষ্যে। আর এখানেই গবেষকদের গবেষণাপত্রগুলোর গুরুত্ব নিহিত।
বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. সৈয়দা লাসনা কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ এবং বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম। বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. আকা ফিরোজ আহমদ স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া ও মো. রবিউল ইসলাম।