প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ২০:০৮ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৬ ২০:১৮ পিএম
রাজধানীর জিগাতলার গাবতলা এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। এ সময় ‘ঢাকা রেসিডেন্সি’ নামে একটি হোস্টেলে ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, হোস্টেলের ম্যানেজার ও ভবনের কেয়ারটেকারের মধ্যে বিরোধকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। পরে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী সেখানে গিয়ে হোস্টেলে ভাঙচুর চালান বলে দাবি করেন তারা।
পুলিশ জানায়, ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী গাবতলার ওই হোস্টেলে থাকার বিষয়ে কথা বলতে সেখানে গিয়েছিলেন। ভাড়া বা অন্য কোনো বিষয় নিয়ে হোস্টেল কর্তৃপক্ষের সঙ্গে তাদের জটিলতা তৈরি হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা হোস্টেলে না থাকার সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে চলে যান। পুলিশের ভাষ্য অনুযায়ী, পরে রাতে ওই শিক্ষার্থীরা আবার হোস্টেলে গিয়ে ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাজারীবাগ থানার ওসি মোশারফ হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।