× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্মসংস্থান বাড়াতে ইবিতে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন’

ইবি প্রতিনিধি

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১৯:৪৪ পিএম

কর্মসংস্থান বাড়াতে ইবিতে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন’

শিক্ষার্থী ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ তৈরি, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং একাডেমিক জ্ঞানকে শিল্পখাতের চাহিদার সঙ্গে সমন্বয়ের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘শিক্ষা-শিল্পের ঐকতান, কর্মসংস্থানের সমাধান’ প্রতিপাদ্যে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান।

অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলাকে সরকারের কৌশলগত পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু প্রবৃদ্ধি বাড়ালেই হবে না; উৎপাদন, বিনিয়োগ, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।

তিনি বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহার ও জনগণের ম্যান্ডেটকে একটি সুনির্দিষ্ট পঞ্চবার্ষিক কৌশলগত কাঠামোর (Five-Year Strategic Framework) আওতায় আনা হয়েছে। এতে ‘সবার জন্য বাংলাদেশ’ বিনির্মাণের দার্শনিক ভিত্তির পাশাপাশি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনাও রয়েছে। একই সঙ্গে অর্থনৈতিক সংকট থেকে উত্তরণ ও টেকসই সমৃদ্ধির পথে এগিয়ে যেতে সরকার ‘৩আর’ (3R) কৌশল গ্রহণ করেছে।’

সরকারের ‘৩আর’ কৌশল ব্যাখ্যা করে তিনি বলেন, প্রথম ‘আর’ রিকভার (Recover)-এর লক্ষ্য হলো ভঙ্গুর অর্থনৈতিক কর্মকাণ্ডকে পুনরুজ্জীবিত করে অর্থনীতিকে স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনা। দ্বিতীয় ‘আর’ রেস্টোরেশন (Restoration)-এর আওতায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, অর্থনৈতিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনীতির ভিত্তি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আর তৃতীয় ‘আর’ রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সিলারেটর (Reconstruction for Accelerator)-এর মাধ্যমে পুনর্গঠন কার্যক্রম দ্রুত সম্পন্ন করে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ত্বরান্বিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শিক্ষিত যুবসমাজের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নয়, দক্ষ মানবসম্পদ, গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। নতুন উদ্যোক্তা ও স্টার্টআপ তৈরির জন্য ৫০ মিলিয়ন ডলারের একটি বিশেষ তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে শিক্ষার সঙ্গে শিল্প ও কর্মক্ষেত্রের চাহিদার সমন্বয় জরুরি। সময়ের পরিবর্তনের সঙ্গে শিক্ষার্থীদের কারিকুলামে প্রয়োজনীয় বিষয় অন্তর্ভুক্ত করা না গেলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তারা প্রত্যাশিত অবস্থান তৈরি করতে পারবে না।

আয়োজকদের মতে, ‘পার্টনারশিপ টুডে, অপরচুনিটিজ টুমরো’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা শিল্পখাতের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে। মূল পর্ব শেষে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিল্পখাতে ক্যারিয়ার, প্রয়োজনীয় দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে প্রতিনিধিদের কাছে সরাসরি প্রশ্ন করেন শিক্ষার্থীরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা