× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবির লোকপ্রশাসন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন শুরু

ঢাবি প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১৮:১০ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬ ১৮:১৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। ‘রিথিংকিং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন অ্যান এরা অব গ্লোবাল ক্রাইসিস: গভর্ন্যান্স অ্যান্ড পলিসি রেসপন্সেস’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে ১২ দেশের গবেষকরা অংশ নিচ্ছেন। সম্মেলনে মোট ৫১টি গবেষণাপত্র উপস্থাপন করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে শনিবার ‘লোক প্রশাসন আন্তর্জাতিক সম্মেলন-২০২৬’-এর উদ্বোধন করা হয়। সম্মেলন চলবে রোববার পর্যন্ত।

সম্মেলনের আহ্বায়ক ও লোকপ্রশাসন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. সৈয়দা লাসনা কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। উদ্বোধনী বক্তব্য দেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আকা ফিরোজ আহমেদ।

সম্মেলনে কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটির এমিরিটাস অধ্যাপক ড. আহমেদ শফিকুল হক এবং চীনের সিচুয়ান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জেং শিয়াংইউ কীনোট স্পিকার হিসেবে বক্তব্য দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বতন্ত্র ও অনন্য হিসেবে প্রতিষ্ঠিত করতে শিক্ষক ও গবেষকদের সর্বোচ্চ মানের পারফরম্যান্স নিশ্চিত করতে হবে। শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে শক্তিশালী একাডেমিক ভিত্তির ওপর দাঁড় করাতে হবে।

তিনি বলেন, নীতি সংস্কার, নাগরিক অধিকার ও প্রশাসনিক ব্যবস্থাপনা বিষয়ক গবেষণাপত্রগুলো রাষ্ট্রকাঠামোকে সঠিকভাবে গড়ে তোলার ক্ষেত্রে রূপরেখা হিসেবে কাজ করবে। পরিবর্তিত বাস্তবতায় জনপ্রশাসনের ক্ষেত্রেও পরিবর্তন আসা অনিবার্য।

উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যেমন নতুন সুযোগ তৈরি করছে, তেমনি তৈরি করছে নতুন চ্যালেঞ্জ। একাডেমিক ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এআই ব্যবহার করতে হবে। বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ে অগ্রগতি আনতে গবেষণাখাতকে আরও সমৃদ্ধ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. সৈয়দা লাসনা কবির বলেন, যুদ্ধ ও ভূ-রাজনৈতিক উত্তেজনা বিশ্বের অর্থনীতি, খাদ্য সরবরাহ ও মানবনিরাপত্তাকে প্রভাবিত করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা সরকারি সেবা প্রদান ও সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিতে পরিবর্তন আনছে। একই সঙ্গে গোপনীয়তা, সাইবার নিরাপত্তা, অপতথ্য ও ডিজিটাল বৈষম্য নিয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।

তিনি বলেন, বিশ্বের অনেক অংশে মেরুকরণ, জনতুষ্টিবাদ ও জনগণের আস্থা হ্রাসের কারণে গণতন্ত্রও চ্যালেঞ্জের মুখে পড়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সম্ভাব্য ঝুঁকি পূর্বাভাস দিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, জনপ্রশাসনকে আরও কার্যকর ও জনমুখী করতে প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। প্রশাসনে মেধাভিত্তিক নিয়োগের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে লোকপ্রশাসন বিভাগের ইতিহাস ও অর্জন নিয়ে একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে সম্মেলনের দ্বিতীয় পর্বে ১০টি প্যারালাল সেশন অনুষ্ঠিত হয়। এসব সেশনে ১২ দেশের বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৫১টি গবেষণাপত্র উপস্থাপন করেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা