× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাবিপ্রবিতে শিল্পসম্পৃক্ত শিক্ষায় ৫ প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা

জাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১৮:০১ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬ ১৯:০৪ পিএম

জাবিপ্রবিতে শিল্পসম্পৃক্ত শিক্ষায় ৫ প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা

গবেষণা, উদ্ভাবন ও শিল্পসম্পৃক্ত শিক্ষা কার্যক্রমে সহযোগিতা বাড়াতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘দ্য রোল অব একাডেমিয়া–ইন্ডাস্ট্রি কোলাবোরেশন: রিসার্চ এক্সিলেন্স, ইনোভেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে দেশের পাঁচটি প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে পৃথক পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন চত্বরে এ সেমিনার ও সমঝোতা স্মারক সই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

সমঝোতা স্মারক সই করা প্রতিষ্ঠানগুলো হলো—বায়োজিন কসমেসিউটিক্যালস (Bio-Xin Cosmeceuticals), রুপল ইন্টিগ্রেট (Integrated Aquaculture Farm), ডাটা সফট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলি (DMA) ইনক্ লিমিটেড, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) এবং পল্লী উন্নয়ন একাডেমি (RDA), বগুড়া। এই সমঝোতার ফলে জাবিপ্রবি ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে যৌথ গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি বিনিময় এবং শিল্পসম্পৃক্ত শিক্ষা কার্যক্রমে নতুন সহযোগিতার পথ উন্মোচিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে শিল্পখাতের সঙ্গে যুক্ত করা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ প্রয়োজন। শিল্পের বাস্তব চাহিদা ও সমস্যাকে গবেষণার সঙ্গে সম্পৃক্ত করা গেলে গবেষণার ফলাফল আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক এবং জাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন।

ড. আব্দুল মজিদ প্রামাণিক বলেন, গবেষণা ও উদ্ভাবনের ফলাফল মাঠপর্যায়ে প্রয়োগের জন্য বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ জরুরি।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন বলেন, এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হবে। পাশাপাশি যৌথ গবেষণা ও প্রযুক্তি স্থানান্তরও সহজ হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে শিল্প ও সমাজের প্রয়োজনের সঙ্গে যুক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। জাবিপ্রবিতে একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতার একটি কার্যকর কাঠামো গড়ে তুলতে পর্যায়ক্রমে আরও উদ্যোগ নেওয়া হবে।

সেমিনারে গবেষণার বাস্তব প্রয়োগ, প্রযুক্তিগত উৎকর্ষ এবং শিল্পভিত্তিক দক্ষ মানবসম্পদ তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘তারুণ্যের ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নিজেদের ভাবনা তুলে ধরেন। পরে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সহকারী প্রক্টর ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক এবং অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্যসচিব মোহাম্মদ হাসান। তিনি তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সাতটি বিভাগের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতা জোরদার এবং শিল্পখাতের বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে যৌথভাবে কাজ করার বিভিন্ন দিক তুলে ধরেন।

ইংরেজি বিভাগের প্রভাষক তোহফা মাহানূর এবং বাংলাদেশ স্টাডিজ বিষয়ের প্রভাষক বেলাল হোসেন যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা