ইবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১৬:৩০ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপ, গবেষণা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলামে ৩ ক্রেডিট সমমানের ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি-রিলেটেড কোর্স যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
শনিবার (৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘শিক্ষা-শিল্পের ঐকতান, কর্মসংস্থানের সমাধান’ শীর্ষক ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিক কোলাবোরেশন প্রোগ্রামে তিনি এ তথ্য জানান।
উপাচার্য বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে শিক্ষার সঙ্গে শিল্প ও কর্মক্ষেত্রের চাহিদার সমন্বয় করা জরুরি। সময়ের পরিবর্তনের সঙ্গে শিক্ষার্থীদের কারিকুলামে প্রয়োজনীয় বিষয় অন্তর্ভুক্ত করা না হলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় তারা প্রত্যাশিত অবস্থান তৈরি করতে পারবে না।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ একাডেমিক কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিল প্রতিটি ডিসিপ্লিনে ৩ ক্রেডিট ও ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি-রিলেটেড কোর্স অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপ, গবেষণা এবং যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্রের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে।
তিনি আরও বলেন, গবেষণা, একাডেমিক কার্যক্রম ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততার ক্ষেত্রে ইসলামী বিশ্ববিদ্যালয় সহযোগিতার জন্য প্রস্তুত। এ বিষয়ে শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) করার ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়ের দ্বার উন্মুক্ত থাকবে। বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে উভয়ের চাহিদা পূরণে একটি কার্যকর সহযোগিতামূলক পরিবেশ তৈরি হবে।
উপাচার্য বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর মেলবন্ধন গড়ে উঠেছে। এর মাধ্যমে উভয় পক্ষই লাভবান হচ্ছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ও ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার, ক্যারিয়ার টু ক্যাম্পাস’ ধারণাকে সামনে রেখে শিল্প ও একাডেমিয়ার মধ্যে এই সংযোগ আরও শক্তিশালী করতে চায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এতে প্রাণ-আরএফএল গ্রুপ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, আবুল খায়ের গ্রুপ, বেটোপিয়া গ্রুপ, টেলিটক, ইনোফিক্স আইটি সলিউশনস লিমিটেড, বেনকিউ, টেকনোডেরা, টিপি-লিংক বাংলাদেশ, সিঙ্গার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রাজবাড়ী জুট মিলস লিমিটেড, গ্রামীণফোন, আকিজ রিসোর্স, মেটাডোর ডিস্ট্রিবিউশন লিমিটেড, বিকাশ, বিআরবি কুষ্টিয়া, গোল্ডেন জুট ও ব্র্যাকসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।