হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১৬:১২ পিএম
শিক্ষার্থীদের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ স্পেস অলিম্পিয়াড (BSO) সিজন-৪’-এর রংপুর বিভাগীয় আঞ্চলিক বাছাই পর্ব।
আগামী শনিবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গবেষণাবিষয়ক সংগঠন ‘হাবিপ্রবি রিসার্চ সোসাইটি’ (HSTURS)-এর সার্বিক ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি এবং সমমানের সাধারণ, মাদ্রাসা ও পলিটেকনিকের শিক্ষার্থীরা মোট পাঁচটি ক্যাটাগরিতে (প্রি-প্রাইমারি, প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি) এ অলিম্পিয়াডে অংশ নিতে পারবে।
মূল পর্বের রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা। নিবন্ধিত শিক্ষার্থীরা বিনামূল্যে প্রিপারেশন গাইডলাইন বুক ও ডিজিটাল ই-বুক পাবে। সারা দেশ থেকে নির্বাচিত ১ হাজার ফাইনালিস্টের মধ্য থেকে চূড়ান্ত পর্বে সেরা ১০০ জন শিক্ষার্থীকে নির্বাচন করা হবে।
এ ছাড়া প্লে থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘স্পেস, সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি’ থিমে ২০০ টাকা ফিতে আয়োজন করা হবে ‘স্পেস আর্ট কম্পিটিশন’। পাশাপাশি দিনব্যাপী সবার জন্য উন্মুক্ত ও বিনামূল্যে একটি বিশেষ মহাকাশ বিজ্ঞান কর্মশালার আয়োজন করবে হাবিপ্রবি রিসার্চ সোসাইটি। আগ্রহী শিক্ষার্থীরা bsrs.com.bd অনলাইন পোর্টালের মাধ্যমে নিবন্ধন করতে পারবে।