জোসনা জামান
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ০৮:৩৫ এএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১০৭টি গবেষণাগার আধুনিকায়নসহ শিক্ষা, গবেষণা ও অবকাঠামো উন্নয়নে এক হাজার ৫৫১ কোটি ৬৫ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব করেছে সরকার। প্রকল্পের আওতায় আট হাজার ৩৯৬টি যন্ত্রপাতি যুক্ত করার পাশাপাশি আইসিটি অবকাঠামো উন্নয়ন ও বিভিন্ন ভবন সংস্কারের পরিকল্পনা রয়েছে।
এই প্রকল্পের নাম ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান গবেষণাগারসমূহের অধিকতর উন্নয়ন ও ভৌত সুবিধাদি সংস্কার’। এটি পরিকল্পনা কমিশনের প্রক্রিয়াধীন রয়েছে। প্রস্তাবটি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তোলা হলে ও অনুমোদন পাওয়া গেলে চলতি বছর থেকে ২০২৯ সালের জুনের মধ্যে তা বাস্তবায়নের কথা রয়েছে। বাস্তবায়ন করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও বুয়েট।
পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের শিক্ষা উইংয়ের প্রধান ও অতিরিক্ত সচিব রাহনুমা নাহিদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “প্রকল্পটির প্রস্তাব পাওয়ার পর প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা হয়েছে। সভায় দেওয়া বিভিন্ন সুপারিশ প্রতিপালন করে সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বর্তমানে সেটি যাচাই-বাছাই করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে এরপর একনেকে প্রস্তাব দেওয়া হবে”।
প্রকল্পের আওতায় বুয়েটের দুটি একাডেমিক ও প্রশাসনিক ভবন, ৭২টি আবাসিক ভবন ও ৯টি ছাত্রাবাসের বৈদ্যুতিক, ভৌত ও সেবামূলক অবকাঠামো সংস্কারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি একটি কেন্দ্রীয় ডেটা সেন্টার স্থাপন করা হবে। ৩০টি বিভাগ, ইনস্টিটিউট ও ল্যাবে সরবরাহ করা হবে ৪ হাজার ৮২৮টি কম্পিউটার ও আনুষঙ্গিক সরঞ্জাম।
প্রস্তাবে আরও বলা হয়েছে, ১২৭টি একাডেমিক ও গবেষণা সফটওয়্যার লাইসেন্স সংগ্রহ ও ব্যবহারের মাধ্যমে শিক্ষা ও গবেষণায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। কম্পট্রোলার অফিসের পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা চালুর মাধ্যমে প্রশাসনিক সেবার সময় কমপক্ষে ৫০ শতাংশ কমানোর লক্ষ্য রাখা হয়েছে। একই সঙ্গে সবুজায়ন, রাস্তা সংস্কার ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, বুয়েটের গবেষণার পরিধি বাড়লেও সময়ের সঙ্গে অনেক গবেষণাগারের যন্ত্রপাতি পুরনো ও অকেজো হয়ে পড়েছে। কিছু ক্ষেত্রে ভৌত অবকাঠামোও গবেষণার জন্য পর্যাপ্ত নয়।
এর ফলে গবেষণার কার্যক্রম ব্যাহত হচ্ছে ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার সক্ষমতা সীমিত হচ্ছে বলে প্রকল্প প্রস্তাবে উল্লেখ করা হয়েছে প্রস্তাব অনুযায়ী আধুনিক যন্ত্রপাতি ও গবেষণা অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বুয়েটের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রয়েছে। পাশাপাশি প্রকৌশল ও প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ তৈরির সক্ষমতা বৃদ্ধির কথাও বলা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বলছে, জাতীয় উন্নয়ন কার্যক্রমে বুয়েটের ভূমিকা রয়েছে। প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষা এবং গবেষণার সক্ষমতা বাড়ানোর মাধ্যমে দেশের প্রযুক্তিগত চাহিদা পূরণে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হবে।
বুয়েট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময়ে নির্মিত পুরনো আবাসিক হল ও অন্যান্য ভবনের মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে। কিছু ভবন প্রায় অর্ধশত বছর আগে নির্মাণ করা হয়েছে। এসব অবকাঠামো উন্নয়নের পাশাপাশি গবেষণা ও শিক্ষার পরিবেশ উন্নত করার বিষয়টিও প্রকল্পে রাখা হয়েছে।