× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোবিপ্রবিতে আবাসন সংকট, হলের বাইরে ৮০ শতাংশ শিক্ষার্থী

শাকিল শাহরিয়ার, গোবিপ্রবি

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ১৮:০৪ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৬ ১৮:০৪ পিএম

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

প্রতিষ্ঠার ১৬ বছর পেরিয়ে গেলেও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আবাসন সংকটের স্থায়ী সমাধান হয়নি। প্রায় ১০ হাজার শিক্ষার্থীর বিপরীতে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলে আসন রয়েছে মাত্র ২ হাজার ১৬০টি। প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী আবাসিক সুবিধার বাইরে থেকে পড়াশোনা করছেন। তাদের বড় একটি অংশ ক্যাম্পাসসংলগ্ন এলাকায় মেস কিংবা ভাড়া বাসায় থাকছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে ৯টি অনুষদের অধীনে ৩৩টি বিভাগে শিক্ষা কার্যক্রম চলছে। প্রতিবছর নতুন শিক্ষার্থী ভর্তি হওয়ায় শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও সেই অনুপাতে বাড়েনি আবাসিক হলের আসনসংখ্যা।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলের মধ্যে বিজয় দিবস হলে ৪০০, স্বাধীনতা দিবস হলে ৩৬২, শহীদ তিতুমীর হলে ৬০৮, বনলতা হলে ৩৪০ এবং অপরাজিতা হলে ৪৫০টি আসন রয়েছে। সব মিলিয়ে বর্তমানে আসনসংখ্যা ২ হাজার ১৬০টি। মোট শিক্ষার্থীর তুলনায় আবাসিক সুবিধা পাচ্ছেন মাত্র ২০ শতাংশের কিছু বেশি। ফলে তাদের নির্ভর করতে হচ্ছে ক্যাম্পাসের আশপাশের মেস ও ভাড়া বাসার ওপর।

শিক্ষার্থীদের অভিযোগ, হলে আসন না পাওয়ায় মেসে থাকার জন্য বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। শিক্ষার্থীদের চাহিদাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে অসংখ্য মেস। তবে বিকল্প আবাসনের সুযোগ সীমিত হওয়ায় অনেক শিক্ষার্থীকে তুলনামূলক বেশি ভাড়া, সীমিত সুযোগ-সুবিধা ও নানা শর্ত মেনে এসব মেসে থাকতে হচ্ছে।

এতে শুধু আবাসন ব্যয়ই বাড়ছে না, অনেক ক্ষেত্রে পড়াশোনার পরিবেশও ব্যাহত হচ্ছে বলে জানান শিক্ষার্থীরা। বিশেষ করে নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য বাসাভাড়া, খাবার ও যাতায়াতের বাড়তি খরচ বহন করা কঠিন হয়ে পড়ছে।

সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অনাবাসিক শিক্ষার্থী লাবিবা তাসফিয়া বলেন, ‘মেয়েদের আবাসিক হলে আসন ৮০০টিরও কম, যা মোট শিক্ষার্থীর তুলনায় খুবই অপ্রতুল। এর মধ্যে একটি ছাত্রী হল এখনো পুরোপুরি চালু হয়নি। ফলে অনেক শিক্ষার্থীকে বাধ্য হয়ে ক্যাম্পাসের বাইরে মেস বা বাসায় থাকতে হচ্ছে। এতে বাসাভাড়া, খাবার ও যাতায়াতের খরচের পাশাপাশি পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসের বাইরে থাকার কারণে বিশেষ করে সন্ধ্যার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকে। বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রম শেষে বাসায় ফেরার সময় পরিবারও দুশ্চিন্তায় থাকে। তাই দ্রুত নতুন ছাত্রী হল নির্মাণের পাশাপাশি অসম্পূর্ণ হলটির কাজ শেষ করে নিরাপদ ও পর্যাপ্ত আবাসিক সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।’

অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অনাবাসিক শিক্ষার্থী রেদোয়ান ইসলাম সিয়াম বলেন, ‘হলে আসন না পাওয়ায় আমাদের মেস বা ভাড়া বাসায় থাকতে হচ্ছে। এতে বাসাভাড়া, খাবার ও যাতায়াতসহ অতিরিক্ত খরচের চাপ তৈরি হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা নিয়েও উদ্বেগ থাকে।’

তিনি আরও বলেন, ‘বিশেষ করে সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠান বা কার্যক্রম শেষে বাসায় ফেরার বিষয়টি অনেক সময় সমস্যার হয়ে দাঁড়ায়। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়া সম্ভব হয় না। আবাসন কোনো বিলাসিতা নয়; এটি একজন শিক্ষার্থীর নিরাপদ ও স্বাভাবিক শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই নতুন হল নির্মাণের পাশাপাশি বিদ্যমান আসনের সুষ্ঠু ও স্বচ্ছ বণ্টন এবং বিকল্প আবাসন ব্যবস্থার উদ্যোগ নেওয়া প্রয়োজন।’

বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান খান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর তুলনায় পাঁচটি হলে আসনসংখ্যা অনেক কম। ফলে চাইলেও অনেক সময় প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবাসিক সুবিধা দেওয়া সম্ভব হয় না। শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে এলেও আসনসংকটের কারণে অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় না।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে। আমার মনে হয়, ছেলেদের জন্য আরও তিনটি এবং মেয়েদের জন্য দুটি হল নির্মাণ করা গেলে আবাসন সংকট অনেকটাই কমানো সম্ভব হবে।’

আবাসন সংকটের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান বলেন, ‘২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হলেও এখনো মাত্র ২০ শতাংশ শিক্ষার্থী আবাসিক সুবিধা পাচ্ছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আবাসন সংকট সমাধানে আমরা ইতোমধ্যে একটি একাডেমিক ভবন, অডিটরিয়াম, একটি ছেলেদের হল ও একটি মেয়েদের হল নির্মাণের জন্য আবেদন করেছি। ইউজিসি থেকেও এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।’

উপাচার্য বলেন, ‘এসব প্রকল্প বাস্তবায়ন হলে আবাসন সংকট অনেকটা কমে আসবে। এ ছাড়া দ্বিতীয় ধাপের ২৫৩ কোটি টাকার প্রকল্পটি ২০২৪ সাল থেকে ঝুলে আছে। ওই প্রকল্পের আওতায় একটি ছাত্রী হলের ওপরের তলার কাজ এখনো বাকি রয়েছে। কাজটি শেষ হলে সেখানে আরও প্রায় ১০০ ছাত্রী আবাসিক সুবিধা পাবেন।’ তিনি আরও বলেন, ‘আশা করছি, এসব কাজ ২০২৭ সালের মধ্যে শেষ করে নতুন প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা