ইবি প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ২২:৫৬ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাসের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের তালিকা তুলে ধরে প্রচারণা চালিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। এ উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড স্থাপনের পাশাপাশি অনলাইনেও প্রচারণা চালাচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ক্যাম্পাসে স্থাপিত বিলবোর্ডগুলোতে ‘সরকারের প্রথম ছয় মাসের উল্লেখযোগ্য কার্যক্রম ও উদ্যোগ’ শিরোনামে ৩১টি বিষয় তুলে ধরেছে শাখা ছাত্রদল। এতে বৈদেশিক ঋণ পরিশোধ, ভোলায় বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা স্থাপনের উদ্যোগ, আধুনিক স্বাস্থ্য অবকাঠামো, খাল খনন, চীনা বিনিয়োগ, মালয়েশিয়ার শ্রমবাজার, বনায়ন, রোহিঙ্গা প্রত্যাবাসন, নারী শিক্ষা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সরকারের প্রথম ছয় মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ, ভোলায় ৫০০ মেগাওয়াটের গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা স্থাপনের উদ্যোগ এবং দেশের আট বিভাগীয় শহরে ১৫টি ক্যানসার, হৃদরোগ ও কিডনি হাসপাতাল নির্মাণের উদ্যোগ তুলে ধরা হয়েছে। জলাবদ্ধতা নিরসন, কৃষি ও পানি ব্যবস্থাপনা উন্নয়নে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচির তথ্যও এতে রয়েছে।
অর্থনীতি ও কর্মসংস্থান বিষয়ে চীন থেকে প্রায় ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ সংগ্রহ, বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার উদ্যোগ এবং ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রায় ১ কোটি ৫০ লাখ বৃক্ষরোপণের তথ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় কূটনৈতিক অগ্রগতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন মার্কিন ডলার ছাড়ানোর বিষয়টিও বিলবোর্ডে উল্লেখ করা হয়েছে।
সামাজিক সুরক্ষা ও জনকল্যাণের ক্ষেত্রে প্রাথমিক থেকে অনার্স পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষার উদ্যোগ, ঢাকার সড়কে নারীদের জন্য ‘পিংক বাস’ সার্ভিস, অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন পরিশোধে বিশেষ বরাদ্দ এবং সরকারি খাদ্যগুদামে প্রায় ২৩ লাখ ৬৬ হাজার টন খাদ্যশস্য মজুদের কথা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে নিম্নআয়ের মানুষের জন্য হেলথ কার্ড, সুবিধাবঞ্চিত পরিবারের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর উদ্যোগের কথাও রয়েছে।
অবকাঠামো ও প্রযুক্তি খাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক নজরদারি, মহাসড়কে ই-টোল চালু, বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ, তিস্তা মহাপরিকল্পনা এবং মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ-চীন যৌথ উদ্যোগের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের আয় ২২৫ কোটি টাকা বৃদ্ধি এবং বাংলাদেশ বিমান বাহিনীতে তুরস্কের তৈরি আধুনিক রাডার সংযোজনের তথ্যও বিলবোর্ডে তুলে ধরা হয়েছে।
ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, সরকারের প্রথম ছয় মাসে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে অবহিত করতেই আমরা ক্যাম্পাসে বিলবোর্ড স্থাপন ও অনলাইন প্রচারণার উদ্যোগ নিয়েছি। বিলবোর্ডে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আমরা চাই, শিক্ষার্থীরা দেশের সামগ্রিক উন্নয়ন ও সরকারের নেওয়া উদ্যোগগুলো সম্পর্কে তথ্যভিত্তিকভাবে জানতে পারুক। একই সঙ্গে এসব উদ্যোগের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়েও জনগণের সামনে স্বচ্ছ তথ্য থাকা প্রয়োজন।