রাবি প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ২২:৩৫ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চতুর্থ পুনর্মিলনী ও জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বিভাগ ও রাজশাহী ইউনিভার্সিটি স্ট্যাটিস্টিকস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (RUSA) যৌথ উদ্যোগে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
আয়োজকেরা জানান, ১৯৬১ সালে প্রতিষ্ঠার পর ছয় দশকের বেশি সময়ে পরিসংখ্যান, বিজ্ঞান, প্রযুক্তি ও ডেটাভিত্তিক গবেষণায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিভাগের নাম ‘পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ’ করা হয়েছে। ডেটা সায়েন্সের ক্রমবর্ধমান গুরুত্ব ও আধুনিক পরিসংখ্যানের ব্যবহারিক প্রয়োগকে বিবেচনায় নিয়ে বিভাগটি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে যাচ্ছে।
এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ‘Our Legacy, Our Pride, Our Future’। এর মাধ্যমে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, অ্যালামনাই ও কর্মকর্তাদের একত্রিত করে বিভাগের ঐতিহ্য ও অর্জন উদযাপনের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।
পুনর্মিলনীর অংশ হিসেবে HEAT প্রকল্পের (PIN-13143-W3A) আওতায় ‘Health and Well-being of Tribal Peoples in Bangladesh: Evidence, Policy, Innovation, and Action Towards SDGs’ শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে গবেষক, শিক্ষাবিদ, স্বাস্থ্যসেবা পেশাজীবী, নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী, শিক্ষার্থী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেবেন।
আয়োজকদের ভাষ্য, সম্মেলনে বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বাস্থ্য ও কল্যাণ উন্নয়নে প্রমাণভিত্তিক পদ্ধতি ও কৌশল নিয়ে আলোচনা হবে। গবেষণা, নীতি ও বাস্তবায়নের মধ্যে সংযোগ জোরদার এবং স্বাস্থ্য ও উন্নয়নে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পদ্ধতি নিয়ে মতবিনিময় করা হবে। এ ছাড়া স্বাস্থ্যগত বৈষম্য কমাতে গবেষণালব্ধ ফলাফলকে কার্যকর নীতি ও সমাধানে রূপান্তর, টেকসই উন্নয়নের জন্য নতুন কর্মপন্থা ও ঐতিহ্যগত জ্ঞান চিহ্নিত করা এবং এসডিজির লক্ষ্য অর্জনে অন্তর্ভুক্তিমূলক কৌশল উৎসাহিত করার বিষয়গুলো সম্মেলনে গুরুত্ব পাবে।
দুই দিনের এ আয়োজনে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, অ্যালামনাই, সরকারি কর্মকর্তা, পরিসংখ্যানবিদ, বেসরকারি খাতের পেশাজীবীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেওয়ার সুযোগ পাবেন।
পুনর্মিলনী ও জাতীয় সম্মেলনের আহ্বায়ক পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আমিনুল হক। এ ছাড়া অধ্যাপক ড. মনসুর রহমান সভাপতি এবং অধ্যাপক ড. পাপিয়া সুলতানা প্রেস ও প্রচার কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
আয়োজকেরা জানান, পুনর্মিলনী ও জাতীয় সম্মেলনে অংশগ্রহণের জন্য অনলাইনে নিবন্ধনের সুযোগ রয়েছে। এ আয়োজনের মাধ্যমে বিভাগের অতীতের অর্জন স্মরণ, বর্তমানের সাফল্য উদযাপন এবং ভবিষ্যতের জন্য কার্যকর পরিকল্পনা তৈরির লক্ষ্য রয়েছে।