রাবি প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১৮:৪১ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তুলনামূলক ভালো অবস্থায় থাকা একটি সড়ক ভেঙে সংস্কারকাজ চলছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও পরিবহন মার্কেট সংলগ্ন সড়কটিতে এ কাজ চলছে।
সরেজমিনে দেখা যায়, গ্রন্থাগার ও পরিবহন মার্কেটের পাশের সড়কের বিভিন্ন অংশ ভেঙে সংস্কারকাজ করা হচ্ছে। সড়কটিতে কোনো যানবাহন চলাচল না করলেও পথচারী ও সাইকেল আরোহীরা নিয়মিত চলাচল করেন। শিক্ষার্থীদের দাবি, সড়কটি এখনও চলাচলের উপযোগী রয়েছে।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বেশ কিছু সড়ক ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। এসব সড়ক সংস্কার করা জরুরি হলেও সেদিকে কর্তৃপক্ষের নজর নেই। অথচ তুলনামূলক ভালো সড়ক ভেঙে পুনরায় সংস্কার করা হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের অর্থ অপ্রয়োজনীয়ভাবে ব্যয় হচ্ছে।
শিক্ষার্থী রাসেল হুসাইন বলেন, ‘যেসব রাস্তা সংস্কার করা জরুরি, সেগুলো পড়ে আছে। অথচ ভালো রাস্তা ভেঙে আবার কাজ করা হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের অর্থের অপচয় হচ্ছে। প্রশাসনের উচিত আগে বেশি জরুরি রাস্তাগুলো চিহ্নিত করে সংস্কার করা।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক বলেন, ‘রাস্তাটিতে সংস্কারকাজ চলছে। ভালো রাস্তা নষ্ট করছি না। ওই রাস্তাই থাকবে। এ কাজে আহামরি কোনো অর্থ ব্যয় হচ্ছে না।’