ববি প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১৮:০২ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারের দপ্তর প্রধান (রুটিন দায়িত্ব) ডা. শাম্মী আরা নিপাকে কর্তৃপক্ষের নির্দেশ অমান্যের অভিযোগে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তার একক সিদ্ধান্তে চিকিৎসাসেবার সময়সূচি কমানোর অভিযোগে এ নোটিশ জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. আব্দুল আলিম বছির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নোটিশ দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়, কর্তৃপক্ষের নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ রয়েছে। তবে ডা. শাম্মী আরা নিপা কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই একক সিদ্ধান্তে গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর মেডিকেল সেন্টারের সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পুনর্নির্ধারণ করেন।
এতে আরও বলা হয়, কর্তৃপক্ষের আদেশ অমান্য করার অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। নোটিশ প্রাপ্তির সাত কর্মদিবসের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিত জবাব দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।