× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেডিকেল ফি বাবদ বছরে ৩৬ লাখ টাকা, সেবা নিয়ে ক্ষুব্ধ গোবিপ্রবি শিক্ষার্থীরা

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১৭:৩১ পিএম

মেডিকেল ফি বাবদ বছরে ৩৬ লাখ টাকা, সেবা নিয়ে ক্ষুব্ধ গোবিপ্রবি শিক্ষার্থীরা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রায় ৯ হাজার শিক্ষার্থীর কাছ থেকে প্রতি বছর সেমিস্টার ফি’র সঙ্গে দুই দফায় মোট প্রায় ৩৬ লাখ টাকা মেডিকেল ফি নেওয়া হচ্ছে। তবে ফি পরিশোধের পরও বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে প্রত্যাশিত চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। প্রয়োজনীয় ওষুধের সংকট এবং বিকাল ৪টার পর চিকিৎসাসেবা বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, মেডিকেল ফি বাবদ অর্থ নেওয়ার পাশাপাশি মেডিকেল সেন্টারের জন্য সরকারি বরাদ্দও রয়েছে। এরপরও চিকিৎসা নিতে গেলে অনেক সময় প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় না। সীমিত কয়েক ধরনের ওষুধের মধ্যে প্যারাসিটামলসহ সাধারণ কিছু ওষুধ দেওয়া হয় বলে তাদের দাবি। ফলে সন্ধ্যা বা রাতে অসুস্থ হলে বাইরের ফার্মেসি কিংবা বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের ওপর নির্ভর করতে হয় তাদের।

এ পরিস্থিতিতে মেডিকেল ফি থেকে আদায় করা অর্থের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ, নিয়মিত প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং চিকিৎসাসেবার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে বাধ্যতামূলক মেডিকেল ফি বাতিল করে কম খরচে চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।

শিক্ষার্থীরা বিকল্প হিসেবে ৫ থেকে ১০ টাকা মূল্যের টিকিটের মাধ্যমে চিকিৎসাসেবা চালু কিংবা মেডিকেল ফি ঐচ্ছিক করার প্রস্তাব দিয়েছেন। তাদের দাবি, বাধ্যতামূলকভাবে ফি নেওয়া হলে এর বিপরীতে কী ধরনের সেবা দেওয়া হচ্ছে এবং আদায় করা অর্থ কোথায় ব্যয় হচ্ছে, সে বিষয়ে শিক্ষার্থীদের জানার সুযোগ থাকা প্রয়োজন।

দাবিগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে তথ্য অধিকার আইনের মাধ্যমে মেডিকেল ফি আদায় ও ব্যয়ের বিস্তারিত তথ্য চাওয়ার পাশাপাশি বিভিন্ন কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

তবে ওষুধ সংকটের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কর্মকর্তা নিখন চন্দ্র বালা। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বর্তমানে ১৫ ধরনের ওষুধ রয়েছে। প্রয়োজন অনুযায়ী এসব ওষুধ শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে।’

মেডিকেল টিমের কর্মকর্তা ও সহযোগী অধ্যাপক ড. মো. আসলাম বলেন, ‘বর্তমানে নেওয়া মেডিকেল ফি ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই। তবে শিক্ষার্থীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে শিগগিরই স্বল্পমূল্যে ডেঙ্গুসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগ ও দাবিগুলো নিয়ে মেডিকেল টিমের সঙ্গে আলোচনা করা হবে। মেডিকেল সেন্টারের সেবায় যেসব সমস্যা চিহ্নিত হয়েছে, সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা