চবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৪ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিশ্ব ফিজিওথেরাপি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অডিটোরিয়ামে ‘হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধ, ব্যবস্থাপনা ও পুনর্বাসনে ফিজিওথেরাপি ও শারীরিক কার্যকলাপের ভূমিকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) স্বাস্থ্য সম্পাদক আফনান হোসেন ইমরান।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউরো ডিস্যাবিলিটি রিহ্যাব ও স্পোর্টস ফিজিওথেরাপি বিশেষজ্ঞ এবং চবির ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ কামরুজ্জামান। তিনি হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে নিয়মিত শারীরিক কার্যকলাপের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি এসব রোগে আক্রান্তদের দ্রুত সুস্থতা, শারীরিক সক্ষমতা পুনরুদ্ধার ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার ভূমিকা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানে ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম। স্ট্রোক ও হৃদরোগে আক্রান্ত রোগীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি ও পুনর্বাসন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।