রাবি প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২২:০০ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২২:০১ পিএম
সালাউদ্দিন আম্মার।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার একসময় ইসলামী ছাত্রশিবিরের ‘সাথী’ ছিলেন। তবে ‘পদ-বাণিজ্য’, নৈতিক পদস্খলন, নারীদের সঙ্গে অবাধ বিচরণ, অবৈধ অর্থনৈতিক লেনদেনসহ বিভিন্ন অভিযোগে ২০২৫ সালে তার ‘সাথী’ পদ স্থগিত করে সংগঠনটি। পরে অভিযোগগুলোর যথাযথ জবাব দিতে ব্যর্থ হওয়ায় একই বছরের সেপ্টেম্বরে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হাফেজ মেহেদী হাসান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মেহেদী হাসান বলেন, ‘২০২৫ সালে তার (আম্মার) কিছু কার্যক্রমে অসঙ্গতি দেখা যায়। পরে বাধ্য হয়ে তার সাথীপদ মুলতবি করি। বেশ কিছু অভিযোগের বিষয়ে পরবর্তীতে তার কাছে সদুত্তর না থাকায় এবং সংগঠনবিরোধী কাজ, শৃঙ্খলার অভাব ও আনুগত্য না থাকার মতো সার্বিক বিষয় বিবেচনায় ওই বছরের সেপ্টেম্বরের দিকে তার সাথীপদ সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়।’
সম্প্রতি শিবিরের সব পর্যায়ের সদস্যদের আম্মারের সঙ্গে যোগাযোগ বন্ধ রাখার নির্দেশনা দিয়ে নেতাকর্মীদের একটি চিঠি দিয়েছে সংগঠনটির শাখা সভাপতি মুজাহিদ ফয়সাল।
শিবির সভাপতি স্বাক্ষরিত ৩১ জুলাইয়ের একটি চিঠিতে বলা হয়েছে, নৈতিক পদস্খলন, মৌলিক ইবাদত পালনে উদাসীনতা, মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ, অবৈধ অর্থনৈতিক লেনদেন ও সম্পদের তছরুপ এবং সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত মাসিক সেক্রেটারিয়েট সভায় আম্মারের ‘সাথী’ পদ মুলতবি করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উত্থাপিত অভিযোগগুলোর যথাযথ জবাব দিতে ব্যর্থ হওয়ায় সেপ্টেম্বরে অনুষ্ঠিত মাসিক সেক্রেটারিয়েট সভায় তার ‘সাথী’ পদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, আম্মারের কর্মকাণ্ড এবং ক্ষেত্রবিশেষে ফৌজদারি অপরাধে জড়িত হওয়ার কারণে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে বলে সংগঠনটি মনে করে। তার অনলাইন ও অফলাইন কর্মকাণ্ডে কোনো ইতিবাচক বা নেতিবাচক মন্তব্য কিংবা প্রতিক্রিয়া না দেখাতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শুধু রাকসুর নির্বাচিত দায়িত্বশীলদের তার সঙ্গে দাপ্তরিক যোগাযোগ রাখার কথা বলা হয়।
এর আগে ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সভাপতি এবং বর্তমানে রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদের সই করা একটি চিঠিতেও আম্মারের বিরুদ্ধে ‘পদ-বাণিজ্যের’ অভিযোগের কথা উল্লেখ করা হয়।
ওই চিঠিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগর ও জেলা কমিটিতে অর্থের বিনিময়ে পদ দেওয়ার অভিযোগ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে শিবিরের নজরে আসে। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্ল্যাটফর্ম থেকে আম্মারের বিরুদ্ধে নৈতিক পদস্খলনের কয়েকটি অভিযোগও সংগঠনটির কাছে আসে। এসব অভিযোগ নিয়ে ছাত্রশিবিরের মাসিক সেক্রেটারিয়েট সভায় আলোচনা হয়। সভায় সর্বসম্মতিক্রমে অভিযোগগুলো আমলে নিয়ে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে আম্মারের ‘সাথী’ পদ মুলতবি করার সিদ্ধান্ত হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়।
শিবির সূত্রে জানা যায়, সংগঠনে পূর্ণ সদস্য হওয়ার আগে ‘সাথী’ একটি সাংগঠনিক পর্যায়। এ পর্যায় অতিক্রমের পর সদস্যপদ ও সংগঠনের বিভিন্ন দায়িত্ব পাওয়ার সুযোগ থাকে।
এদিকে রাকসু নির্বাচনে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল থেকে জিএস নির্বাচিত হন সালাউদ্দিন আম্মার। নির্বাচনে ভিপি ও এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হন। আম্মারের প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক হিসেবে আত্মপ্রকাশ করেন। এ কারণে আম্মারের শিবিরের ‘সাথী’ থাকার তথ্য সামনে আসার পর প্যানেলটির সঙ্গে শিবিরের সম্পর্কের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
তবে অভিযোগগুলোর বিষয়ে সালাউদ্দিন আম্মারের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে খুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।